শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএমওর প্যাডে চাকরি দিচ্ছে যুদ্ধাপরাধী মুজাহিদের ভায়রা

news-image

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ভায়রা মাহবুুবুল আলম সবুজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) চাকরি দেয়ার নামে প্রতারণা করছেন। পিএমওর অফিসিয়াল প্যাডে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরি দেয়ার নামে নিরীহ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। নিজেকে বঙ্গবন্ধু পরিষদের নেতা পরিচয় দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।


সম্প্রতি বিষয়টি সরকারের একটি বিশেষ সংস্থার নজরে আসে। তারা এ সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করেন। এরপর থেকে তোলপাড় চলছে। মাহবুবুল আলম সবুজের সদস্যপদ বাতিলের জন্য রোববার পিএমও থেকে বঙ্গবন্ধু পরিষদে চিঠি দেয়া হয়েছে। এছাড়া প্রতারণা এবং অর্থ আত্মসাতের দায়ে মাহবুব ও তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার অবাধে প্রবেশ বন্ধেও দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া এ প্রক্রিয়ার সঙ্গে পিএমওর কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।


এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল মালেক বলেন, মাহবুবুল আলম নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করছেন বলে বিষয়টি তাকে জানানো হয়েছে। সে নিজেকে বঙ্গবন্ধু পরিষদের নেতা পরিচয় দিয়ে এ ধরনের কাজ করছেন বলেই হয়তো আমাকে জানানো হয়েছে। আমি জানামাত্রই খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন এ নামে লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদের কোনো নেতা বা কর্মী নেই। কেন্দ্রেও এ নামের কেউ নেই। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা সোমবার বৈঠক করেছি। এতে মাহবুবুল আলমের নাম ধরে আলোচনা হয়েছে। কিন্তু কেউ তাকে চিনতে পারেননি।


সংগঠনের অপর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তোলপাড় চলছে। রোববার সংগঠনের শীর্ষ নেতার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি এসেছে। এরপর থেকে বঙ্গবন্ধু পরিষদের নেতারাও সবুজ সম্পর্কে তথ্য জানার জন্য দৌড়-ঝাঁপ শুরু করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম সবুজ জামায়াতের অর্থ জোগানদাতা, মুজাহিদ মুক্তি কাউন্সিলের আহ্বায়ক ও কেন্দ্রীয় জামায়াতের সহ-কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম রাজুর চাচাতো ভাই। মুজাহিদের ভায়রা। অথচ সে নিজেকে বঙ্গবন্ধু পরিষদের নেতা বলে পরিচয় দিয়ে বেড়ান। এ ধরনের একজন মানুষ অবাধে পিএমওতে প্রবেশের সুযোগ পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সরকারের একাধিক নীতিনির্ধারক। তাদের মতে, এ ধরনের প্রবেশ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি। সরকারের একটি বিশেষ সংস্থার রিপোর্টেও বিষয়টিকে প্রায় একইভাবে উল্লেখ করা হয়েছে।

তাদের তিন পৃষ্ঠার রিপোর্টে বলা হয়, সদ্য ফাঁসি হওয়া যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ভায়রা হয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করছেন। তার সঙ্গে থাকছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার প্রান্তিক জনগণ। এদের নিয়ে সবুজ পিএমওর বিভিন্ন দফতরে ঘোরাফেরা করেন। এসব কিছুই প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, সবুজের আত্মীয়-স্বজন অধিকাংশই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দু-একজন আওয়ামী লীগের রাজনীতিও করেন। তাদের আশীর্বাদে মাহবুবুল আলম সবুজ জোট সরকারের আমলেই বঙ্গবন্ধু পরিষদের সদস্য হন।

এ পরিচয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনৈক গাজী কবিরের সঙ্গে বন্ধুত্ব করে চাকরি দেয়ার নামে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। চাকরি প্রার্থীদের মতে, এ সিন্ডিকেটের সঙ্গে মুজাহিদ মুক্তি কাউন্সিলের আহ্বায়ক আনোয়ারুল ইসলামের পরিবারের সদস্য, সিলেটের জনৈক মিল্টন ও কুড়িগ্রামের ইউনুস (কারচালক) নামে দুই ব্যক্তি জড়িত রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ললিতারহাট গ্রামের আবদুল গফুরের ছেলে এই সবুজ। দলীয় পরিচয়ের সঙ্গে প্রচার করেন ঢাকায় আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরতদের সঙ্গে তার সখ্যতা আছে।

তিনি ইচ্ছা করলেই এলাকাবাসীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে পারেন। তার এসব কথা বিশ্বাস করে এলাকার সাধারণ মানুষ গরু-ছাগল, গাছপালা, আবাদি জমি ও বসতভিটা বিক্রি করে চাকরির আশায় এ প্রতারকের হাতে তুলে দিয়েছেন মোটা অংকের টাকা। কিন্তু কারও চাকরি হয়নি। চাকরি না পেয়ে পাওনা টাকা চাইতে গেলে প্রতারক মাহবুবুল আলম সবুজ তাদের র‌্যাব দিয়ে ধরিয়ে দেয়াসহ নানা রকম হুমকি দেন। ৮ জন প্রতারিত ব্যক্তির নাম-ঠিকানা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অডিট অফিসার পদে ভুয়া নিয়োগপত্রও তৈরি করেন এ সবুজ।

নিয়োগপত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনৈক কর্মকর্তা গাজী কবিরকে নিয়োগ কমিটির চেয়ারম্যান এবং একই কার্যালয়ের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মফিজুল হকের নামের স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস প্যাডে স্মারক নম্বর উল্লেখ করে ২৪ জুন অডিট অফিসার পদে মৌখিক পরীক্ষার জন্য চিঠি দেয়া হয়। তাতে বলা হয়- আপনাকে আগামী ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুর আড়াইটায় উপস্থিত থাকার জন্য বলা হইল। এরপর তাদের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়। এতে নির্দিষ্ট তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেয়ার কথা বলা হয়েছে।
নির্ধারিত সময়ে যোগদান করতে গেলে গাজী কবির দেশের বাইরে আছেন বলে প্রতারক সবুজ কৌশলে তাদের কাছ থেকে নিয়োগপত্রগুলো হাতিয়ে নেন। তাদের আশ্বাস দেয়া হয় গাজী কবির দেশে ফিরলেই যোগদান করানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন- আমার জানা মতে, গাজী কবির ও মফিজুল হক নামের কোনো কর্মকর্তা মানবসম্পদ বিভাগে নেই।


প্রতারণার কৌশল প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সবুজ চাকরি প্রত্যাশী ও তাদের অভিভাবকদের সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে তার পরিচিত কর্মরতদের সঙ্গে মিলিত হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবাধে যাতায়াত ও ঘোরাঘুরির ফলে গ্রামের সহজ-সরল চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকরা এ প্রতারককে সত্যিকার অর্থে প্রভাবশালী ভাবেন।
চাকরি পাওয়ার আশায় তার হাতে টাকা তুলে দেন। এভাবে তিনি এ পর্যন্ত সাড়ে ২৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন, জামায়াত নেতা মুজাহিদের একজন ভায়রা পাটগ্রামে আছেন। যে ঈদ ও বিভিন্ন সামাজিক উৎসবে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার টানিয়ে থাকেন। তবে তিনি ঢাকায়ই বেশি থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন।