বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাসকগোষ্ঠী দেশে শ্বাসরুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে’

news-image

আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে এই অভিযোগ করে বিএনপি চেয়ারাপাসন বেগম খালেদা জিয়া বলেছেন, শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধ অবস্থার সৃষ্টি করেছে। সোমবার দেওয়া বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠনোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।


সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল সংবিধান স্বীকৃত সকল রাজনৈতিক অধিকার থেকে এখন বঞ্চিত। দেশের গণতন্ত্রের লেশমাত্র চিহ্ন নেই। মৌলিক ও মানবাধিকার আগেই ভুলুন্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। রাজনৈতিক কর্মী-নেতারা ছাড়াও দেশের কোন মানুষই এখন নিজেদের নিরাপদ বোধ করছেন না। খালেদা জিয়া বিবৃতিতে উল্লেখ করেন, বর্তমান বিনা ভোটের সরকার বিরোধী দলের কর্মী ও নেতৃবৃন্দের নামে বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সারাদেশে গত কয়েক সপ্তাহেই এধরনের মিথ্যা মামলায় প্রায় তিন সহ¯্রাধিক নেতা-কর্মীকে নতুন আটক করেছে। আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও-তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত করে ফেলেছে।


তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দের বেলায় একই ঘটনা ঘটেছে। দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত এসব রাজনীতিকদের সম্মান ক্ষুন্ন করার মতো মিথ্যা অভিযোগে আটক করা কোন সুস্থ রাজনীতির ঘটনা নয়। বিএনপি চেয়ারপারসন বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার কোনভাবেই বিরোধী মতকে সহ্য করছেন না এবং তারা গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সংকুচিত করতে করতে এখন একদলীয় শাসনব্যবস্থার পথেই দ্রুত অগ্রসর হচ্ছেন।


বিএনপি চেয়ারপারসন সারাদেশে প্রতিদিন যে গণগ্রেফতারের ঘটনা ঘটছে-তা অবিলম্বে বন্ধ করার আহবান জানিয়েছেন। তিনি আটক বিরোধী দলীয় সকল কর্মী ও নেতৃবৃন্দের আশু মুক্তি দাবী করেছেন এবং সকল প্রকার হয়রানীমূলক, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। এধরনের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। খালেদা জিয়া বলেন, দমন-নিপীড়ণ, হামলা মামলার পথে থেকে সরকার সরে না আসলে তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে এখন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।