নিষিদ্ধ হলে কী করবে জামায়াত ?
সাম্প্রতিক সময়ে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াতের কয়েকজন শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবার পর, দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি নতুন করে উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
এই ব্যাপারে আইনমন্ত্রী বলেছেন, জামায়াতের বিচার করার জন্য আমরা আইনের সংশোধনী আনছি। সেটার এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। সেটা হলেই ওই সংগঠনের বিচার শুরু হবে।
জামায়াত নিষিদ্ধ হওয়ার ব্যাপারে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মামলা করবে সরকার পক্ষ? তিনি বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা করা হবে। এছাড়াও জামায়াতের বিরুদ্ধে মামলাতো রয়েছে,ওই মামলাতেও বিচার করা সম্ভব। আইন পাস হলেই এই ব্যাপারে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেব।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মার্চের মধ্যেই জামায়াত নিষিদ্ধ হবে এই ব্যাপারে আইনমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। মার্চ পর্যন্ত নাও যেতে পারে। এর আগেই বিচার করা হতে পারে।
জামায়াত নিষিদ্ধ হলে জামায়াত কি হারিয়ে যাবে? জামায়াত শিবির কি করবে? এমন প্রশ্ন রাজনৈতিক মহলে। আদালতের নির্দেশেই হোক, অথবা সরকারের নির্বাহি আদেশ হোক জামায়াত নিষিদ্ধ হলে শিবির কর্মীরাই বা কি করবে। পশ্চিমা কূটনীতিকরা বরাবরই জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করে আসছেন। তারা যুক্তি দেখিয়েছেন, জামায়াত নিষিদ্ধ হলে দলটির বেশির ভাগ নেতাকর্মী আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন আর তাদের ট্যাকেল দেয়া যাবে না।
নিষিদ্ধ হলে জিামায়াত বিকল্প পথে হাঁটবে। আপাতত আইনি লড়াইকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জামায়াত। আপিল বিভাগের রায় পক্ষে না এলে বিকল্প ভাবনাও রয়েছে তাদের। বছরের পর বছর যে কয়েক লাখ আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ নেতাকর্মী তৈরি করেছে জামায়াত, তা ছাড়া শিবির কর্মীরাই বা কী করবে? নিষিদ্ধ হলে জামায়াত কি হারিয়ে যাবে? কারণ সারাদেশে জামায়াতের রাজনৈতিক মতাদর্শের অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে আছে।
দলটির অর্থনৈতিক শক্তিও অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। ব্যাংক, বীমা, হাসপাতাল, এনজিও, মিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছে জামায়াত। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শক্ত ভিত্তি রয়েছে তাদের। ফলে ইচ্ছা করলেই জামায়াতকে নিশ্চিত করা যাবে না, অনেকে তা-ই ভাবছেন। এমনও আশঙ্কা করা হচ্ছে, জামায়াত নিষিদ্ধ করা হলে তারা সারাদেশে নাশকতা ছড়িয়ে দিতে পারে। তবে আপাতত এ ধরনের কিছু ভাবছেন না বলে জানিয়েছেন জামায়াত নেতারা।
জামায়াতের কেন্দ্রীয় এক নেতার উদ্ধৃতি দিয়ে দলটির মতিঝিল থানার শূরা কর্মপরিদ সদস্য নূর মোহাম্মদ একটি জাতীয় দৈনিককে জানান, রাজনীতির মাঠে টিকে থাকতে বিকল্প সব পথেই হাঁটছেন জামায়াত নেতারা। এজন্য প্রথমে তদন্ত সংস্থার পরবর্তী কার্যক্রমের দিকে নজর রাখবে দলটি। এরপর ট্রাইব্যুনালে শুনানি শুরু হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা মোকাবেলা করবে। পাশাপাশি বন্ধুরাষ্ট্রগুলোর রাজনৈতিক সহায়তা চাইবে তারা।
এরপরও দলের কর্মকা- নিষিদ্ধ করা হলে নতুন আঙ্গিক ও নতুন নাম নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু করবে জামায়াত। তবে আগের মত রাজপথে তেমন হার্ডলাইনে যাওয়ার চিন্তা আপাতত বাদ দিয়েছে তারা। কিন্তু এ চিন্তা কতদিন অব্যাহত থাকবে, তা নির্ভর করছে রাজনৈতিক সহিংসতার মাত্রা কতটা বাড়বে তার ওপর। নাম পরিবর্তন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মতো আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়াসহ নানা পরিকল্পনা থাকলেও দলটির অধিকাংশ নেতাকর্মী দেখতে চান, আসলেই নিষিদ্ধ করা হয় কিনা?
একাত্তরে গণহত্যাসহ সাত ধরনের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী এবং এর তৎকালীন সহযোগী সংগঠন ও নেতাকর্মীদের দায়ী করে তাদের সাংগঠনিক কর্মকা– নিষিদ্ধের সুপারিশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতোমধ্যে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে। বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন। আপিল বিভাগ এ রায় বহাল রাখলে জামায়াতের নিবন্ধন বাতিল করবে নির্বাচন কমিশন। তাই জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু জামায়াত নেতাকর্মীদের বিশ্বাস, সরকার দলটিকে নিষিদ্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেবে না। কারণ গত বছর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের জনপ্রিয়তাই প্রমাণ করে সাধারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা অনেক। নেতাদের মতে, সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন জামায়াত আসলে কতটা আদর্শিক দল। এ ছাড়া জামায়াতকে নিষিদ্ধ করলে তার পরবর্তী ফল কি হবে এ নিয়েও সরকারকে অনেক কিছু চিন্তা-ভাবনা করতে হচ্ছে। এ ছাড়া বিষয়টি দেশের অভ্যন্তরীণ হলেও রাজনৈতিক দল হওয়ায় এ নিয়ে বহির্বিশ্বের চাপ এবং জামায়াতের সহিংসতার ব্যাপারটিও রয়েছে।
এ ছাড়া জামায়াত নেতারা মনে করেন, সরকার দলটিকে নিষিদ্ধ করলে তাদের (সরকার) আর রাজনীতি করার কিছুই থাকবে না। এজন্য নিষিদ্ধ না করে বরং ইস্যুটিকে জিইয়ে রেখে মুলা ঝুলিয়ে রাখবে। যদিও নেতাদের অনেকেই এটিকে খোঁড়া যুক্তি বলে মনে করছেন। কারণ মানবতাবিরোধী অপরাধে সরকার ইতোমধ্যে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা ও মুজাহিদের ফাঁসি কার্যকর করেছে। সামনে বিচারাধীন মামলার দিকে নজর রাখছেন তারা।
এছাড়া সংগঠনের মাধ্যমে ব্যাপকহারে সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সাংগঠনিক কর্মকা- চালিয়ে যাবে। যদিও নিষিদ্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন দলের একটি অংশ। আরেকটি অংশ মনে করছে, আপিল বিভাগের মাধ্যমে বাতিল হওয়া দলের নিবন্ধন ফিরে পাবে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে। এ সময় তারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আইডিএল) নামে তাদের কার্যক্রম চালায়। জিয়াউর রহমানের সরকার বহুদলীয় গণতন্ত্র চালু করলে জামায়াত আবার রাজনীতিতে ফিরে আসে। ১৯৭৯ সালের ২৫ থেকে ২৭ মে প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশে দল হিসেবে পুনরায় আবির্ভূত হয়। কিন্তু স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কর্মকা–চালালেও একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য দলটি কখনোই ক্ষমা চায়নি। বরং দলটির শীর্ষস্থানীয় নেতারা স্বাধীনতার পরও বলেছিলেন, একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল। এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। স্বাধীনতার পর এমন সংকটে আর পড়তে হয়নি জামায়াতকে। নিষিদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে দলটির অফিস বন্ধ করে দেয়া হয়েছে, প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারছে না দলের কর্মীরা। দলটির নির্বাচিত গণপ্রতিনিধিদের গ্রেফতার করা হচ্ছে। আটক করা হচ্ছে অসংখ্যা নেতা কর্মীকে। তাই একপ্রকার নিষিদ্ধ দলের মতোই চলছে জামায়াতের কার্যক্রম।
আমাদের সময়.কম











