সাকা-মুজাহিদকে তওবা পড়াবেন যে ইমাম
৭১ এর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে তওবা পড়াবেন লালবাগ তারা মসজিদের ইমাম মনির হোসেন। কারা কর্তৃপক্ষ রাত সাড়ে ৯টার দিকে এখবর নিশ্চিত করেন। ইতোমধ্যে এ দুজনের ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। কারগারের দুটি ফাঁসির মঞ্চের মধ্যে পুরাতন ফাঁসির মঞ্চেই তাদের ফাঁসি কার্যকর করা হবে। কাশিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে আনা হয়েছে ৭জন জল্লাদ। প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স।
১২টা ১ মিনিটে ফাঁসির সম্ভাবনা
আজ রাত ১২টা ১ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তাদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন। কারা সূত্র জানিয়েছে, আজ রাত ১২টা ১মিনিটে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে।
এর আগে প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছ থেকে সচিবালয়ে নেয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টায় আদেশ নিয়ে মন্ত্রণালয়ে আনা হয়।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনের ওই আবেদন নিয়ে যান আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে আবেদনটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রীর মত নেয়ার জন্য গুলশানে তার বাসভবনে নেয়া হয়। সেখানে আইনমন্ত্রী বলেন, আমি আমরা মতামত দিয়েছি। এখন বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার।











