বিএনপি যুদ্ধাপরাধীর দল হিসেবে প্রমাণিত
যুদ্ধাপরাধের বিচার ও একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপি বহিস্কার না করে দলটি যুদ্ধাপরাধীর দল হিসেবে প্রমাণিত হয়েছে। একাত্তরের গোল টেবিল বৈঠক আলোচনায় এ কথা বলেছেন আলোচকরা।
৭১ টিভির এ অনুষ্ঠানে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও শান্তির বিরুদ্ধে অপরাধ যারা করেছে তাদের বিচার বাংলাদেশে হবে সেই প্রত্যাশা ও প্রতিক্রিয়া বিষয়ে শহীদ কন্যা শাওন মাহমুদ বলেন, আমি জানি তাদের ফাঁসি হবে। বাংলাদেশের যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় তারা সবাই এখন অস্বস্তিতে আছে। আর প্রতিক্রিয়া বিষয়ে আমি বলতে চাই এতো বছর অপেক্ষার পর যেখানে আমরা কোথাও গিয়ে হাল ছেড়ে দিয়েছিলাম ও চুপ হয়ে গিয়েছিলাম। কিন্তু বিগত দিনে কিছু যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে ও এখনও হবে। সবকিছু মিলিয়ে এখন আমার কাছে মনে হচ্ছে কোথাও গিয়ে সব না পাওয়ার মধ্যেও আমরা অনেক বেশি কিছু পাচ্ছি। আর এটা বাস্তবে রূপ পাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে আমার অনেক ধন্যবাদ।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টির বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, আমাদেরকে প্রথমে দেখতে হবে একাত্তরে আমাদের পাশে কারা কারা ছিলো। একাত্তরে একমাত্র ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয়ভূক্ত সমাজতান্ত্রিক শিবির ছাড়া বাংলাদেশের পাশেতো কেউ ছিলো না। আমেরিকা, পশ্চিম ইউরোপ, চীন, তথাকথিত ইসলামী উম্মা সবাই ছিলো পাকিস্তানের পক্ষে।
বাংলাদেশে বড় ধরনের হামলার প্রসঙ্গে তিনি বলেন, আমি জিহাদের প্রতিকৃতি ছবিতে মুফতি হান্নানের একটি সাক্ষাতকার নিয়েছিলাম। সেখানে মুফতি হান্নান পরিস্কারভাবে বলেছিলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে বসে বিএনপি, জামায়াত ইসলামী ও ফ্রিডম পার্টির নেতাদের সঙ্গে যে আলোচনাটা হয়েছে প্রত্যেকে এ ব্যাপারে একমত শেখ হাসিনাকে জীবিত রেখে বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না। শেখ হাসিনা ছিলো তাদের একমাত্র লক্ষ্য। শেখ হাসিনার উপর ১৯ বার হামলা হয়েছিলো।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে ডা. ইমরান এইচ সরকার বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ। কিন্তু এই ৩০ লাখ পরিবারের সবার একটা ঘটনা আছে। কিভাবে তারা তাদের স্বজনদের হারিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে সেই ৩০ লাখ পরিবারের কান্না বিশ্ববাসীর কাছে জানানোর জন্যই আমাদের মাঠে নামা।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের সালাউদ্দিন কাদের চৌধুরীর ভূমিকা প্রসঙ্গে দেশ টিভি প্রধান বার্তা সম্পাদক শাহেদুল হাসান পিন্টু বলেন, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন মানুষের মুখে শুনেছি বিএনপি স্বাধীনতা বিরোধীদের পেট্রোনাইস করতো। আজকে সাকা চৌধুরীর পক্ষে স্বাক্ষ্য দিয়ে আমি বলবো বিএনপিকে পেট্রোনাইস করে বলাটা একটু কম বলা হবে, বিএনপিকে এখন যুদ্ধাপরাধীর দল বলার সময় এসে গেছে। তার কারণ হচ্ছে মুজাহিদ, নিজামী ও জামায়াত এরা কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আর এখনো তারা এটা মেনে চলছে। তাই তারা যুদ্ধাপরাধী দল এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। কিন্তু সাকা চৌধুরীতো বিএনপির নীতি নির্ধারক। যখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হল বিএনপি যদি সাকাকে তার পদ থেকে বহিষ্কার করা হত কিংবা যখন তার ফাঁসি চূড়ান্ত করা হল তখনও তাকে যদি দল থেকে বহিষ্কার করা হত তাহলে আমরা অন্তত বলতে পারতাম বিএনপি একজন যুদ্ধাপরাধীকে দলে রাখতে চায়নি। সুতরাং বিএনপি এটা প্রমাণ করছে তারা যুদ্ধাপরাধীর দল।
হান্নান শাহের বক্তব্যের উপর ভিত্তি করে সাকাকে ফাঁসি দেওয়া হচ্ছে। একটা বিচার কাজ শেষ হওয়ার পরে এই বক্তব্য আদালত আমলে নেওয়ার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর এ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল বলেন, হান্নান শাহ যে বক্তব্যটা দিয়েছিলেন তা থেকে আমি একটু পেছনে যেতে চাই। কোনো হেয়ার্সি তথ্যের উপরে নির্ভর করেই কিন্তু আমাদের বিচার কাজটা হয়নি। আমাদের যারা সাক্ষ্য দিয়েছেন, সেখানে সরাসরি ভিডিও ফুটেজও রয়েছে, ভিক্টিম পরিবারও ছিলো।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় চূড়ান্ত এবং যে কোনো সময় কার্যকরও হয়ে যেতে পারে। অনেকেই বলে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের ভূমিকা বা একজন প্রতিপক্ষ হিসাবে চট্টগ্রাম থেকে মুক্তিযোদ্ধা ফজলুল হক ভুঁইয়া বলেন, আমরা যখন ইন্ডিয়া থেকে আমাদের সেক্টর হেড কোয়ার্টারে আসি তখন জিয়াউর রহমান ছিলেন আমাদের সেক্টর কমান্ডার। আমরা যখন ভিতরে ঢুকি তখন জিয়াউর রহমান আমদেরকে কতগুলো টার্গেট দিয়েছিলেন যে আমরা কখন কোথায় কি করবো। তারমধ্যে ফজলুল কাদের চৌধুরী, ফরিদা চৌধুরী এবং তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীও ছিলো। আমরা যারা যুদ্ধকালীন সময়ে চট্টগ্রামে ছিলাম তখন তার যে তা-ব ছিলো সে তা-বটা শুরু হয়েছিলো এপ্রিল মাস থেকে। আর এই খবরগুলো আমাদের সেক্টর হেডকোয়ার্টারে গেছে। তাহলে এগুলো জিয়াউর রহমানতো জানার পরেই আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে চিনতাম এবং সে যে তা-বগুলো চট্টগ্রাম শহরে চালিয়েছিল সেটা খুবই ভয়ঙ্কর। তার একটি খোলা জিপ ছিল। সে সেই খোলা জিপে করে সে ঘুরত।











