বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভয় করো না, ফাঁসি হলেও ইসলামের আন্দোলন চলবে’

news-image

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, ‘ভয় করো না, ফাঁসি হলেও ইসলামের আন্দোলন চলবে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে মুজাহিদ এ কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ছেলে আলী আহমেদ মাবরুর। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে মাবরুর বলেন, ‘আইনজীবীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘তিনি মানসিকভাবে দৃঢ় আছেন। সুস্থ আছেন। আমরা তার সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের বলেছেন, ভয় করো না। ফাঁসি হলেও ইসলামের আন্দোলন চলবে।’ তবে তার দল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি বলে জানান তার ছেলে আহমেদ মাবরুর।

দুপুর ১টা ৫৪ মিনিটে মুজাহিদের পরিবারের লোকজন কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন ২টা ৫৫ মিনিটে। এর আগে বেলা ১২টার দিকে কারা কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের আবেদন করে মুজাহিদের পরিবার।

মুজাহিদের সঙ্গে দেখা করা ১২ জন হলেন, তার স্ত্রী তামান্না-ই-জাহান, বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছ, ছোট ভাই ওজায়ের এম এ আকরাম, বড় ছেলে আলী আহম্মদ তাজদীদ, মেজ ছেলে আলী আহম্মদ তাহকিক, ছোট ছেলে আলী আহমেদ মাবরুর, মেয়ে তামরিনা ‍বিনতে মুজাহিদ, বড় ছেলের স্ত্রী ফারজানা জেবিন, মেঝো ছেলের স্ত্রী নাসরিন কাকলি, ছোট ছেলের স্ত্রী সৈয়দা রুপাইদা, ভাগনে আ ন ম ফয়েজ হাদী সাব্বির ও স্বজন  নুরুল হুদা।