শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজাহিদের রিভিউ শুনানি শেষ, আদেশ কাল

news-image

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের রায় আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ শুনানি শেষে এ দিন ধার্য করা হয়। আদলতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে উপস্থিত আছেন- আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী এসএম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চীপ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও একই বেঞ্চে শুনানির জন্য আজকের কার্যতালিকায় তিন নম্বরে রাখা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা-মুজাহিদ। এর আগে গত ২ নভেম্বর এ রিভিউ শুনানির দিন ধার্য ছিল। তবে তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন করলে পরবর্তী তারিখ ১৭ নভেম্বর ধার্য করা হয়।এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনসহ ৪টি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর করা রিট আবেদনটির শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হলে এই অপারগতা প্রকাশ করা হয়। সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

আদেশের পর আমাতুল করীম বলেন, আদালত বলেছেন, বিষয়টি ইতিমধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ থেকে মীমাংসা হয়ে গেছে। এই মীমাংসিত বিষয় নিয়ে আমরা আর সময়ক্ষেপণ করতে চাই না। তবে আবেদনকারী চাইলে অন্য বেঞ্চে আবারও শুনানির জন্য উত্থাপন করতে পারবেন বলে জানান তিনি। ৩ নভেম্বর সাকা চৌধুরীর স্ত্রী হাইকোর্টে রিট আবেদনটি করেন। আবেদনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭(৩) অনুচ্ছেদ যুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এই অনুচ্ছেদের মাধ্যমে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

সুপ্রিম কোর্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা
 মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ শুনানি ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা দেখা গেছে। মঙ্গলবারের (১৭ নভেম্বর) কার্যতালিকায় আবেদন দুটি যথাক্রমে ২ ও ৩ নম্বরে রয়েছে। সকালে দেখা যায়, সুপ্রিম কোর্টের তিন গেট বার কাউন্সিল সংলগ্ন গেট, প্রধান গেট ও মাজার গেটে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতি গেটে ১০-১২ থেকে করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন।

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর দুই আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সোমবার বিকেলে এ কার্যতালিকা প্রকাশিত হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ০২ নভেম্বর কার্যতালিকায় এলেও ১৭ নভেম্বর রিভিউ দুটির শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানি পেছাতে মুজাহিদের আবেদন গ্রহণ করে এ দিন ধার্য করা হয়। তবে নিজের পক্ষে কয়েকজন সাফাই সাক্ষীকে সমন জারি করতে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দেন। মুজাহিদ ও সাকা চৌধুরী- দুজনেরই প্রধান আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন দুটির শুনানিতে আসামিপক্ষে নেতৃত্ব দেবেন খন্দকার মাহবুব হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন উপদেষ্টা। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল মামলাগুলোর মতোই রিভিউ আবেদনগুলোর শুনানিতেও রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেবেন।