শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নূর হোসেনের বাড়িতে যৌথ অভিযান, মেলেনি কিছুই

news-image

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেন ও তাঁর ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে গতকাল যৌথ অভিযান চালানো হয়েছে। তবে অপরাধী কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহলের তৎপরতা নিয়ে। বিচারিক কার্যক্রম বিঘ্নিত করাসহ সাত খুনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিশেষ মহল তৎপর বলে অভিযোগ করেন আইনজীবী নেতারা।

নূর হোসেনের অনুসারীরা এলাকা নিয়ন্ত্রণে তৎপর বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে গতকাল যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল ৪টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অভিযান চলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়ার নূর হোসেন ও তাঁর ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদলের বাড়িসহ বিভিন্ন স্থানে। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি, উদ্ধার হয়নি অস্ত্র ও মাদক। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ, আর্মড ব্যাটালিয়ন ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। আলোচিত নূর হোসেন সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ার বাসিন্দা বিধায় আগে তাঁর নিয়ন্ত্রণে থাকা এলাকা ও অনুসারীদের ব্যাপারে অনুসন্ধান চলছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ গ্রেপ্তার ও মাদক উদ্ধারে যৌথভাবে এ অভিযান চালানো হয়। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নূর হোসেনের সহযোগীরা আবার এলাকায় ফিরে এসেছে। তাই তাঁর বাড়িতে এবং তাঁর ভাতিজা শাহ জালাল বাদলের বাড়িতে তল্লাশি করা হয়। কিন্তু সেখানে কোনো অপরাধীকে পাওয়া যায়নি।

 

ওদিকে পুলিশ সিদ্ধিরগঞ্জে শিমরাইলের জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারের ভাতিজা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলামের কার্যালয়েও অভিযান চালায়। সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতারা বলেছেন, ভারত থেকে পুশব্যাক করার পর নূর হোসেনকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর না করা এবং র‌্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়ার কোনো আইনি এখতিয়ার ছিল না। আইনি বিধান অনুযায়ী আসামিকে তদন্তকারী কর্মকর্তার কাছেই তুলে দেওয়ার নিয়ম রয়েছে। গতকাল জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে আইনজীবী নেতারা এ কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু বলেন, সাত খুনের মতো চাঞ্চল্যকর মামলাটি নিয়ে কেউ কেউ রাজনৈতিক ও ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তারা মামলাটি ভিন্ন খাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে প্রবেশের পর থেকে আদালতে হাজির করা পর্যন্ত সময়ে নূর হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো বক্তব্য প্রদান করে থাকলে ওই বক্তব্যের কোনো ‘এভিডেনশিয়াল’ ভিত্তি থাকবে না। গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণেই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা জোরদার করেছিল। মামলার চার্জশিটভুক্ত আসামি নূর হোসেনকে বিচারের সম্মুখীন করা একটি দুরূহ ব্যাপার ছিল। কিন্তু সরকারের আন্তরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ়প্রত্যয় এবং যথাযথ কূটনৈতিক তৎপরতার কারণে নূর হোসেন এখন বাংলাদেশের কারাগারে বন্দি। সার্বিকভাবে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচারকাজটি যে সময় একটি যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় একটি বিশেষ শ্রেণি শুধু তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অনুমাননির্ভর, ভিত্তিহীন, অযৌক্তিক অতিকথনের মাধ্যমে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত ও প্রভাবিত করার অপচেষ্টা করছে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, ‘সাত খুনের আসামিদের পক্ষে আইনজীবীদের আইনি লড়াইয়ে অংশ না নিতে আমাদের আহ্বান এখনো বহাল রয়েছে। তবে আসামিদেরও আইনি সহায়তা প্রাপ্তির ব্যাপারে সাংবিধানিক অধিকার রয়েছে, তাই কোনো আইনজীবী তাঁদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে চাইলে আমরা বাধা দেব না। আর নূর হোসেনকে রিমান্ডে না নেওয়া, তাঁর অনুপস্থিতিতে চার্জশিট দেওয়ার বিষয়ে তর্কের অবকাশ নেই। তাঁকে যে মূহূর্তে আদালতে উপস্থাপন করা হয়েছে, সে সময়ে রিমান্ডে নেওয়ার আইনি সুযোগ ছিল না। বহু মামলা আছে যেগুলোর আসামি দীর্ঘদিন পলাতক ছিল। পলাতক থাকাবস্থায় তাদের জেল বা ফাঁসির আদেশও হয়েছে। পরবর্তী সময়ে ওই আসামি গ্রেপ্তারের পর সাজা ভোগ করেছে।’

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের প্রবীণতম আইনজীবী আমিনুল হক, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাবেক সহসভাপতি ও সিনিয়র আইনজীবী সামসুল ইসলাম ভুঁইয়া, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট মেরিনা হক, সাবেক পিপি সুলতান উদ্দিন, সম্মিলিত আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট মহসীন, সমিতির কার্যকরী পরিষদের সব নেতাসহ শতাধিক আইনজীবী।

আলোচনায় ইসমাইল অপহরণ : নূর হোসেনকে কাঁচপুরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী ইসমাইল অপহরণ মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন জানাবেন বাদীপক্ষের আইনজীবী। বুধবার এ মামলার ধার্য তারিখ আছে। গতকাল আইনজীবী রফিক আহম্মেদ বলেন, ইসমাইল অপহরণ মামলায় নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। এ অপহরণের সঙ্গে নূর হোসেন ও তাঁর শ্যালক নূর আলমসহ অন্যরা জড়িত বলে নানাভাবে তথ্য মিলেছে।

 

২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় মাইক্রোবাস থামিয়ে ইসমাইলকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইসমাইলের ছোট ভাই মান্নান বাদী হয়ে নূর হোসেনের অনুসারীদের আসামি করে মামলা দায়ের করেন। আসামি করা হয় কাঁচপুরের কুতুবপুর এলাকার মোশারফ, সেলিম, কাইউম, কাউছার, মামুন ও নাছিরউদ্দিনকে। অপহৃতের পরিবার দাবি করেছিল, ইসমাইলকে ইপিজেডের ভেতরে র‌্যাব ক্যাম্পে আটকে রেখে দুই কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় তাঁকে মুক্ত করা যায়নি। ঠিকাদারি ও বালু ব্যবসায় জড়িত ইসমাইলের পরিণতি সম্পর্কে অদ্যাবধি জানতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা।

 

বাদী আবদুল মান্নান জানান, গত বছরের ১২ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে র‌্যাব-১১-এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা, নূর হোসেন, তাঁর শ্যালক নূর আলমসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তা তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। এ মামলায় নূর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিলে তদন্তে অগ্রগতি আসবে বলে মনে করেন বাদী।