সালাহ উদ্দিনসহ আরো ৮ জনকে ফেরত চায় বাংলাদেশ
উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়ার বিনিময়ে শুধু নূর হোসেন সন্তুষ্ট নয় বলে মনে করছে বাংলাদেশ। এ জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ আরো ৮ জনকে ফেরত চায় সরকার।
সোমবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা মনে করে, একশো নূর হোসেনকে ফেরত নিলেও অনুপ চেটিয়ার সমান হবে না। এ কারণে প্রতিবেশি দেশটি ভারতে অভ্যন্তরে বন্দি তাদের আরো ৮ সন্ত্রাসীকে ফেরত চাইবে। এ তালিকায় অনুপ্রবেশ মামলায় শিলংয়ে অবস্থানরত বিরোধী নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও প্রাক্তন প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ রয়েছেন।
মঙ্গলবার থেকে ঢাকায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ স্বরাষ্ট সচিব পর্যায়ের বৈঠকে এ দাবি জানাবে বাংলাদেশ। বৈঠকে যোগদিতে আজই ঢাকায় যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব রাজীব মহষি। দুই দিনের এ বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে সন্ত্রাসী তৎপরতা, জালরুপি ও গরুপাচার বন্ধে আলোচনা হবে। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত হাজারিকা কমিশন প্রকাশিত প্রতিবেদনের প্রভাবও এ আলোচনায় পড়তে পারে বলে জানা গেছে। ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও দিল্লির নর্থ ব্লকের একাধিক সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ভারতের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রকের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। মোজাম্মেল হক খান বলেন, ‘আমরা ভারতে আটক আসামিদের ফেরত চাইব। একইভাবে ভারতের কাছ থেকে একই ধরনের প্রস্তাব আসতে পারে। এ ছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো খসড়া পর্যায়ে।’
ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রনালযের সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, অনুপ চেটিয়ার বদলে ভারতের বিভিন্ন জেলে সাজাপ্রাপ্ত বাংলাদেশের সন্ত্রাসী ও দাগি আসামীদের মধ্যে আরো ৮ জনকে ফেরত চাওয়ার প্রস্তাব নয়া দিল্লিকে দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন- প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, সাজ্জাদ হোসেন, ওয়াহিদুর জামান, খান সুমনসহ আটজন।
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদসহ অন্য আসামিদের ফেরত চেয়ে দিল্লির কাছে একাধিক চিঠি লিখেছে ঢাকা। কিন্তু এ বিষয়ে কোনো ইতিবাচক জবাব পাওয়া যায়নি। তবে আকস্মিকভাবে অনুপ চেটিয়াকে ফেরত পাঠানো হয়েছে। আর ভারত বৃহস্পতিবার ফেরত পাঠিয়েছে নূর হোসেনকে। এ কারণে এখন ঢাকা মনে করছে, অনুপ চেটিয়ার পরিবর্তে নূর হোসেন যথেষ্ট নয়। তাই তারা আরো ৮ জনকে ফেরত চাইবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় নর্থ ব্লকের একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে যেটি বড় ইস্যু ছিল তা হচ্ছে অনুপ চেটিয়াকে ফেরত নেওয়া, সেটার সমাধান হয়েছে। এবার তারা সন্ত্রাস ও জঙ্গি দমন এবং সীমান্ত চুক্তি রুপায়ণের অগ্রগতি নিয়ে আলোচনা করবে। এ ছাড়া ভারতীয় জাল রুপি চোরাচালান বন্ধে ঢাকা-দিল্লি গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি নিয়েও কথা হবে। বাংলাদেশে থাকা প্রাক্তন ভারতীয় ছিটমহলের নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন ভারতে যেতে নাম তালিকাভুক্ত করান। কিন্তু এখন তাঁরা আর যেতে চান না। তাঁদের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। ৩০ নভেম্বরের মধ্যে তালিকাভুক্তদের ভারতে যেতে হবে। সূত্রটি জানায়, ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত হাজারিকা কমিশনের সদ্য প্রকাশিত প্রতিবেদনের প্রভাবও এ আলোচনায় পড়তে পারে।
ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সূত্রটি বরাতে যুগশঙ্খ জানায়, অনুপ চেটিয়ার বিষয়টি এতটাই গোপনে করা হয়েছে যে যারা এ নিয়ে কাজ করেন তারাও জানতেন না। ওই সূত্র জানায়, অনুপ চেটিয়া অনেক দিন ধরেই যেতে চাচ্ছিলেন। কিন্তু যেহেতু ভারতে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ও দাগি আসামিরা আটক রয়েছেন, সেহেতু এ বিষয়টিকে তারা গুরুত্ব দেননি।
ভারতে থাকা চট্টগ্রামের আট খুন মামলার আসামি সাজ্জাদ হোসেন খানকে তিন বছরেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাকে ফিরিয়ে আনতে ২০১২ সাল থেকে ভারতকে সাতটি স্মারকে বহিঃসমর্পণ প্রস্তাব পাঠানো হলেও এত দিন পর এখন স্বরাষ্ট্র মন্ত্রক জানতে পেরেছে তাঁর জামিন হয়ে গেছে, নামও পাল্টে ফেলেছেন সাজ্জাদ।
এ ছাড়া তিনি আরব আমিরাতের পাসপোর্টও ব্যবহার করছেন বলে জানা গেছে। আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন নেপাল থেকে ভারতে গেছেন। সুব্রত বাইনকে ফেরত পাঠাতে একাধিক চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। আটকে আছে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের বিষয়টিও।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, স্বরাষ্ট্রসচিব স্তরের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি হত্যার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা সীমান্তে হত্যা কমিয়ে দেবে, কম ক্ষতিকর অস্ত্র ব্যবহার করবে। কিন্তু দেখা যাচ্ছে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত মোট ২৬ জন বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে।
এর জবাবে বিএসএফ বলেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় গরু পাচার কমিয়ে আনার জন্যই ওই সব গোলাগুলির ঘটনা ঘটে। তবে বাংলাদেশি একটি গ্রামে দুবার প্রবেশ করে বেসামরিক লোকজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে বিএসএফের বিরুদ্ধে। এসব কারণে বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার বিষয়টি প্রাধান্য পাবে।
এ ছাড়া বঙ্গবন্ধুর শেখ মুজিবের খুনিদের ফিরিয়ে আনা, মাদক চোরাচালান, মাছধরা ট্রলার, চলমান ছিটমহলের রুপায়ন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা সীমান্তের কাছে সীমান্তচৌকি নির্মাণ বিষয়ে আলোচনার আগ্রহও প্রকাশ করা হয়েছে। এটি নিয়ে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের গত বৈঠকে দ্বিপক্ষীয় সমঝোতা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরো জানায়, বাংলাদেশ থেকে সরাসরি প্রবেশ সম্ভব নয় বলে চৌকি নির্মাণের জন্য ভারতের ভূমির ওপর দিয়ে কাঁচামাল ও শ্রমিক নেওয়ার অনুমতি চাওয়া হয়। সীমান্ত এলাকায় এ চৌকি নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে ভারত।











