ভোটের মাধ্যমে খালেদার জঙ্গি কর্মকাণ্ডের জবাব দেয়া হবে : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে পরাজিত করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জঙ্গিবাদী কর্মকাণ্ড এবং বিদেশি নাগরিক হত্যার প্ররোচনা দেয়ার জবাব দেয়া হবে।
২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে ভোটের মাধ্যমে পরাজিত করে বিএনপিকে এমন শিক্ষা দেয়া হবে যাতে আর কোন ষড়যন্ত্র করার সাহস না পায়। আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, গত ৫ জানুয়ারীর নির্বাচন না হলে, দেশে সামরিক শাসন চলত। সামরিক শাসন জনগণের উন্নয়ন করতে পারেনা । তখন জনগনের কথা বলার অধিকার থাকে না।
নাসিম শহরের ডাক বাংলো মিলনায়তন মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দি নাছিম এমপি, মোতাহার হোসেন এমপি, প্রকৌশলী আবু সালেহ মো. সাঈদ দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মতিয়ার রহমান। সম্মেলনের উদ্ধোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি। মোহাম্মদ নাসিম বলেন, দেশে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দিয়েছে। তিনি বলেন, খুনি, জঙ্গি, বোমাবাজ পেট্রোল বোমায় যারা দেশের নিরীহ মানুষ পড়িয়েছে তাদের সাথে কোন আলোচনা নয়।
নাসিম বলেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ২০১৯ সালে নির্বাচন করতে হবে। খেলার মাঠ ছেড়ে দিয়ে খেলা হয় না উল্লেখ করে নাসিম বলেন, বঙ্গবন্ধু ১৯৭০ সালে সামরিক সরকারের অধীনে নির্বাচন করে জয়ী হয়েছে। কারন দেশের মানুষ বঙ্গবন্ধু ৬ দফার সমর্থনে ভোট দিয়েছে। আর আওয়ামী লীগ জনগণের কল্যানে কাজ করে থাকলে আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।











