বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে কাতুকুতু দিয়ে বর ছাড়িয়ে নিল মার্জিনা

news-image

নিউজ ডেস্ক : কার মুখ দেখে যে বেরিয়েছিলেন, ঠিকঠাক মনেই করতে পারছেন না সুজয় বিশ্বাস। পাঁজিতে কি কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ ছিল? তবু একথালা ভাত দিয়ে খেয়ে বেরিয়েছিলেন কুমড়োর ছেঁচকি? না, তা তো নয়। ভাত খাওয়ারই তো সময় পাননি। সকালের টিফিন সেরেই গরুচোর খুঁজতে বেরিয়ে পড়তে হয়েছিল যে! পায়ে চিড়, হাতে বরফ। কোমরের কাছটা মাঝে-মাঝেই সুড়সুড় করে উঠছে।

 


মাথার উপরে হাসপাতালের ঝুল পড়া ঘড়ঘড়ে পাখা। হাওয়া শীত-শীত। চল্লিশ ছুঁইছুঁই সুজয়বাবু তবু ঘেমে নেয়ে উঠছেন যেন। পুলিশ ট্রেনিংয়ে তাঁদের বন্দুক ধরা শিখিয়েছিল ঠিকই। আর কী কী যেন? ধাওয়া করে ছিঁচকে ধরা, পাবলিক সামলানো আর রাস্তার পাশে আঁধার ঝোপে লেপটে বসে ‘অ্যামবুশ’।
কিন্তু চোর যদি চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দিয়ে ছোটে? ছোট্ট ডিবে খুলে নাকে উড়িয়ে দেয় নস্যি? যদি পিছন থেকে চেপে ধরে কাতুকুতু দিতে থাকে মেয়েলি আঙুল? ওরে বাবা!

 


ও সব জিনিস পুলিশে শেখায় না কি? এ কি সুকুমার রায়ের মুলুক, যে চলতে–ফিরতে যখন-তখন কাতুকুতু বুড়োর পাল্লায় পড়ার জন্য তৈরি থাকতে হবে? শনিবারের বারবেলায় দিব্যি গ্রামে ঢুকে কয়েকটা বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গিতে চক মথুরা নামে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ওই গ্রাম বহু দিন ধরে চোরাচালানের স্বর্গরাজ্য বলে পরিচিত। খবর ছিল, পাচারের জন্য বেশ কিছু গরুমোষ এনে সেখানে জড়ো করা হয়েছে। তাই উঁকিঝুঁকি দিতে আসা।

 

সামনে একটা বাড়িতে উঁকি দিয়েই চমকে ওঠেন জলঙ্গি থানার এএসআই সুজিতবাবু। আরে, মারজুল শেখ না? আগে কখনও মুখোমুখি হননি ঠিকই, কিন্তু ন’বার ওয়ারেন্ট বেরিয়েছে যার নামে, তার ছবি চোখে লেগেই আছে। প্রতি বারই পাখি উড়ে যায়। কিন্তু এ বার আর পালাতে হচ্ছে না বাছাধন!
এক লাফে বাড়িতে ঢুকে পিছন থেকে করে লোকটাকে পিছমোড়া করে ধরে ফেলেন সুজয়বাবু। যতই সে ঝটপট করুক, তিনি ছাড়ার পাত্র নন। মাথার মধ্যে গড়গড়িয়ে ‘শোলে’— হুঁহুঁ বাবা, ইয়ে হাত নেহি, ফাঁসি কা ফান্দা! টেরই পাননি, কখন মারজুলের বৌ মর্জিনা পিছন থেকে এসে ক্যাঁক করে কোমরের দু’পাশে ঠেসে ধরেছে দু‌’আঙুল। আর তিনি অ্যাঁক করে লাফিয়ে উঠেছেন।

 

চমকে মুখ ঘুরিয়ে দেখেন… হিহি.. এ কে! দোহারা চেহারা, শ্যামলা রং, সবুজ ছাপা শাড়ি… হিহিহি… বয়স মেরেকেটে তিরিশ… হিহি… হচ্ছে টা কী? এই ছাড়! এই… হিহিহি হিহিহি… মার্জিনা আঙুল চালিয়ে যাচ্ছে আর সুজয়বাবু নেচে যাচ্ছেন। জাপটে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন মারজুলকে। ফস্কে যাচ্ছে, ফস্কে যাচ্ছে… হিহিহি… হঠাৎই এক ঝটকা মেরে মারজুল ধাঁ। আর সুজয়বাবু ছিটকে পড়ে— বাবা রে, আমার পা-টা যে গেল!
খুঁড়িয়ে-খুঁড়িয়ে কোনও রকমে সে বাড়ি থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে গিয়ে ওঠেন সুজয়বাবু। পাশের গঞ্জ নরসিংহপুরে গিয়ে বরফ মেলে। পায়ে সেই বরফ ঘষে তাঁকে নিয়ে গাড়ি যায় সাদিখাঁড়দেয়াড় গ্রামীণ হাসপাতালে। এক্স-রে করে ডাক্তারবাবুরা জানিয়ে দেন, হাড়ে চিড় ধরেছে। ভর্তিও করে নেওয়া হয়। এখন কথা হল, কাতুকুতু দেওয়ার সাজা কী? কোন ধারায় মামলা হবে?

 


পুলিশ অবশ্য মার্জিনাকে ধরতে পারেনি। তার একাদশ শ্রেণিতে পড়া ছেলেকে নিয়ে গায়েব হয়ে গিয়েছে সে। আর কাতুকুতুর ধার না মাড়িয়ে মা-ছেলের বিরুদ্ধে সোজা পুলিশকে মারধরের মামলা রুজু করে দিয়েছে জলঙ্গি থানা। রাতে ফোনে মার্জিনা অবশ্য দাবি করে, ‘‘আমরা তো মারিনি! পুলিশই বরং আমার ছেলেকে মারছিল। আমি বাধা দিতে গেলে মেরে আমার হাত ভেঙে দিয়েছে।’’ কাতুকুতু দেননি আপনি? জবাব নয়, ভেসে আসে অবাক প্রশ্ন— ‘‘কাতুকুতু দেওয়া মানে কি মারা, আপনিই বলুন?’’ সূত্র: আনন্দবাজার।