প্রধানমন্ত্রীর উপহার ‘রয়েল বেঙ্গল টাইগার’ নিচ্ছে না জাপান
বন্ধুত্বের নিদর্শন স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের দু’টি ‘রয়েল বেঙ্গল টাইগার’ দিলেও তা নিতে প্রস্তুত নয় জাপান। বাঘ দু’টির ভরণ পোষণ ব্যয়বহুল এবং নতুন পরিবেশে টিকে থাকা নিয়ে সংশয় দেখা দেয়ায় আপাতত: জাপান যাওয়া হচ্ছে না বাঘদম্পতি ‘রণবীর ও জ্যোতির’।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ারহোসেন মঞ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দু’টি বাঘ ঢাকা চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য পাঠানো হয়েছিল, তবে জাপান সরকার কেন বাঘ দু’টি নিচ্ছে না সে ব্যাপারে আমি কিছু জানিনা। তবে প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী বলেন, আমি জানতে পেরেছি বাঘ দু’টি নিতে জাপান সরকার প্রস্তুত নয়।
২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যান। ওই সময় বন্ধুত্বের প্রতীক হিসেবে বন্ধু রাষ্ট্র জাপানের জনগণকে বাংলাদেশের সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কে জানাতে দু’টি বাঘ উপহার দেওয়ার কথা বলেছিলেন। ওই বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবে বাংলাদেশ সফরে আসলে রাষ্ট্রীয় সংস্কৃতির অংশ হিসেবে দু’টি বাঘ উপহার দেওয়া হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৪ সালের ৪ আগষ্ট ঢাকা চিড়িয়াখানা থেকে একটি এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে ১টি বাঘ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নানা জটিলতায় তা দীর্ঘায়িত হয়। এর ১ বছর দু’মাস পরে অক্টোবরের প্রথম সপ্তাহে বাঘ দম্পতি রণবীর ও জ্যোতিকে জাপান পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হলে জাপান সরকার বাঘ দু’টি উপহার হিসেবে গ্রহণ করতে প্রস্তুত নয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া-প্যাসিফিক উইং শাখা থেকে জানানো হয়। তারা জানিয়েছে, বাঘ দু’টি রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ লোক জাপানে নেই। এজন্য আলাদাভাবে লোক নিয়োগ দিতে হবে। যা জাপান সরকারের কাছে অনেকটা ব্যয়বহুল।
এদিকে ভিন্ন পরিবেশ ও আবহাওয়ায় রণবীর ও জ্যোতির খাপ খাওয়ার বিষয়টি দেখাশুনা করার জন্য জাপানে দুই পশু চিকিৎসক পাঠানোর কথা ছিল। তারা সেখানে ১৫দিন অবস্থাান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি জাপানের পশু চিকিৎসকদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন। রয়েল বেঙ্গল টাইগারের উপযোগী করে তাপমাত্রা নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছিল। জাপান সরকারের পক্ষ থেকে অপারগতা প্রকাশ করার কারণে সব উদ্যোগই ভেস্তে যাচ্ছে।
এদিকে জাপানি দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া দু’টি বাঘ গ্রহণের প্রস্তুতি জাপান সরকারেরর নেই। কারণ, বাঘ দু’টিকে লালন-পালন করা যথেষ্ট ব্যয়সাধ্য। আর জাপানের পরিবেশের সাথে এই বাঘ দু’টি খাপ-খাইয়ে নাও নিতে পারতে পারে। আর এ কারনে বাঘ দু’টিকে আপাতত: রাখা হয়েছে মিরপুরের চিড়িয়াখানায়।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ডা. এনায়েত হোসেন জানান, বাঘ দু’টিকে জাপানে পাঠানোর প্রস্তুতি আমাদের ছিল। এজন্য তাদের এখন কোয়ারেন্টাইন সেন্টার বা সঙ্গ নিরোধ কেন্দ্র থেকে বড় খাঁচায় রাখা হয়েছে। জাপান বাঘ দু’টি গ্রহণে সম্মত হলেই আমরা তা পাঠিয়ে দিতে পারবো। কিন্তু জাপানের পক্ষ থেকে যে সাড়া পাওয়া যা”েছ তাতে বাঘ পাঠানোর বিষয়টি অনেকটাই অনিশ্চিত।
ঢাকা চিড়িয়াখানায় জন্ম নিয়েছে ‘রণবীর’ আর ঢাকার শ্যামলী থেকে সুন্দরবনের বাঘ পাচারকারীদের হাত থেকে উদ্ধার হয় ‘জ্যোতি’। এতোদিন তাকে সাফারী পার্কে রাখা হলেও জাপান পাঠানোর উদ্দেশ্যে তাকে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। জাপানে যাওয়া না হওয়ায় আপাতত: চিড়িয়াখানার দর্শনার্থীদের মনোরঞ্জনেই সময় কাটছে এই বাঘ দম্পতির।
amadershomoys.com











