শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছরের আগেই ৭৩ ভাগ মেয়ের বিয়ে

news-image

বাংলাদেশে ১৮ বছর বয়স হওয়ার আগেই ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়। তবে ছেলেদের ক্ষেত্রে বাল্যবিয়ের হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ। 

আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গেটিং দি এভিডেন্স: এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানানো হয়। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, বাল্যবিয়ের ক্ষেত্রে অন্য দুই দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা সব চেয়ে ভয়াবহ। অন্য দিকে পাকিস্তানে ছেলেদের ক্ষেত্রে বাল্যবিয়ের হার ১৩ শতাংশ, যা অন্য দুইটি দেশের তুলনায় অনেক বেশি।

গবেষণায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের বাল্যবিয়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। তবে এটি একেকটি দেশের জাতীয় চিত্র নয় বলেও উল্লেখ করা হয়েছে গবেষণায়। 

এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ একটি বহুজাতিক উদ্যোগ। ২০১০ সাল থেকে এ কার্যক্রম চলছে। এটি প্ল্যান ইন্টারন্যাশনালের ‘আই অ্যাম এ গার্ল’ ক্যাম্পেইনের আওতায় পরিচালিত হচ্ছে। 

বাল্যবিয়ের অন্তর্নিহিত কারণ ও প্রভাবক বিষয়ক গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সে। ইন্দোনেশিয়ায় এ বয়সীদের ৭ দশমিক ৮ শতাংশ এবং পাকিস্তানে ১৫ দশমিক ২ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। ইন্দোনেশিয়ায় ১৮ বছর বয়স হওয়ার আগে ৩৮ শতাংশ মেয়ের বিয়ে হয়। ছেলেদের বেলায় এ হার ৩ দশমিক ৭ শতাংশ। পাকিস্তানে ১৮ বছর বয়সের আগে মাত্র ৩৪ দশমিক ৮ শতাংশ মেয়ের বিয়ে হয়। ছেলেদের ক্ষেত্রে এ হার ১৩ শতাংশ যা উদ্বেগ জনক।

প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশ আয়োজিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন,‘মেয়েরাও অনেক সময় বিয়ের জন্য ঘর ছেড়ে বেরিয়ে যায়। তাই তখন আর তাকে জোরপূর্বক বাল্যবিয়ে বলা ঠিক হবে না। তিনি বলেন, আগামী বছর মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি কাজ হবে বাল্যবিয়ে প্রতিরোধ। তিনি বাল্যবিয়ে বন্ধে পিয়ার গ্রুপ বা বন্ধুদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টিতে গুরুত্ব দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সব ধরনের বাল্যবিয়েকে ‘জোর পূর্বক’ বিয়ে বলে উল্লেখ করেন। তিনি প্ল্যান ইন্টারন্যাশনালের করা গবেষণায় বিয়েতে মেয়ের সম্মতি ছিল কি না—এ ধরনের প্রশ্ন রাখায় ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ পশ্চিমা দেশ যেভাবে চাপিয়ে দেবে আমাদের সেভাবে কথা বললে হবে না। আমাদের সমাধান আমাদেরই করতে হবে।’ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে মিজানুর রহমান বলেন, ‘যারা বিবাহিত নয়, তাদের মধ্যে কনট্রাসেপটিভ ব্যবহার করা হয় না বলার মানে কি? তার মানে কি আপনারা স্কুলের বাচ্চাদের কনট্রাসেপটিভ দিতে বলছেন?’ গবেষণা সমাজ উপযোগী হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মিজানুর রহমানের মতে, রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না বলেই অভিভাবকেরা মেয়ের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। কেননা অভিভাবকেরা অবুঝ নন। বাল্যবিয়ে নিরোধের ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। 

গবেষণায় জনগোষ্ঠীর শিক্ষার হার, উপার্জন, অর্থনৈতিক সুযোগ, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, সামাজিকভাবে বাল্যবিয়ের সমর্থন দেওয়ার প্রবণতার মধ্যে সরাসরি সংযোগ খুঁজে পাওয়া গেছে। গবেষণায় বাল্যবিয়ে বন্ধে ৪০টি সুপারিশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দেশীয় পরিচালক সিনেট গেব্রেটজিয়াভার সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম , বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বেনয়েট-পাইরি লারামি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্জেন্টিনা পিন্টো মাটাভেল পিচ্চিন অনুষ্ঠানে বক্তব্য দেন।