অনেক প্রশ্ন তুলবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
বিচারপতিদের অভিশংসনক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়াসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। এ বিষয়ে বিস্তারিত জানতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮, নাকি ১৬ বছর- এ নিয়ে সরকারের কাছ থেকে এখনো সুস্পষ্ট বক্তব্য না আসায় উদ্বেগ জানিয়েছে ইইউ। বাংলাদেশে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত সে বিষয়েও সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে ২৮ দেশের এই জোট। সাধারণ নাগরিকের মত প্রকাশের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন আছে তাদের। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা, রোহিঙ্গা সংকট এবং অভিবাসন সমস্যা নিয়েও উদ্বেগ আছে ইইউ নীতিনির্ধারকদের। সরকারের কাছে এসব বিষয়ে জানতে চায় ইইউ। আগামী ১১ নভেম্বর রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে সপ্তম যৌথ কমিশনের সভায় সরকারের প্রতিনিধিরা এসব বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত হবেন। যৌথ কমিশনের সভার জন্য তৈরি করা আলোচ্যসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অবশ্য বলছেন, ওই সভায় জবাব দেওয়ার জন্য তাঁরাও প্রস্তুত। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, প্রতি দুই বছর পর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যৌথ কমিশনের সভা হওয়ার নিয়ম রয়েছে। ২০১২ সালে ব্রাসেলসে দুই পক্ষের মধ্যে সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। আগামী ১১ নভেম্বর এক দিনের সভায় তিনটি আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রথমেই আছে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার ও অভিবাসন। দ্বিতীয় অধ্যায়ে আছে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। আর তৃতীয় অধ্যায়ে আছে দুই পক্ষের মধ্যে উন্নয়ন সহযোগিতা। তবে এবারের যৌথ কমিশন বৈঠকের আলোচ্যসূচিতে বাংলাদেশের চলমান রাজনীতি প্রসঙ্গ অন্তর্ভুক্ত করতে ইইউ বারবার চাপ দিলেও তাতে রাজি হননি এ দেশের কর্মকর্তারা। তাঁদের যুক্তি ছিল, বৈঠকে যেহেতু রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি কিংবা মন্ত্রী উপস্থিত থাকবেন না, তাই রাজনৈতিক বিষয়ে আলোচনা করারও কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
ইআরডি সূত্র মতে, ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ সালের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার আগ্রহ দেখিয়ে আসছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে এসব ইস্যু নিয়ে আলোচনা করার সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়। পরে দুই পক্ষের সম্মতিতে রাজনৈতিক বিষয়টি বাদ দেওয়া হয়। বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে এবারের সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। আর ইইউয়ের পক্ষে নেতৃত্ব দেবেন জোটের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো অসটোটো।
সব মিলিয়ে দুই পক্ষের ৫৫ জন কর্মকর্তা বৈঠকে অংশ নেবেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য, আইন, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা থাকবেন। জানা যায়, সাম্প্রতিক সময়ে দুই বিদেশি হত্যা, প্রকাশক ও ব্লগার হত্যা এবং মানবাধিকার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে যৌথ কমিশনের সভায়; যদিও এসব হত্যাকাণ্ডের পর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ইইউ। কর্মকর্তারা জানান, দুই বিদেশি হত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে ইইউ প্রতিনিধিদের জানানো হবে। এ ছাড়া মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স যে ১৮ বছর, তা মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী গণমাধ্যমে একাধিক বক্তব্যে জানিয়েছেন। এর পরও যেহেতু ইইউ প্রতিনিধিরা এ বিষয়ে জানতে চাইছেন, তাই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলেও জানানো হবে সভায়।
একগুচ্ছ সহযোগিতা প্রস্তাব চাইবে বাংলাদেশ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যৌথ কমিশনের সভায় বাংলাদেশের পক্ষ থেকে একগুচ্ছ সহযোগিতা প্রস্তাব চাওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের কাছে। ভারত ও মিয়ানমারের কাছ থেকে পাওয়া এক লাখ ২০ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠিত হওয়ার পর এর ভেতরে থাকা সম্পদ আহরণে ইইউয়ের কাছে কারিগরি ও আর্থিক সহযোগিতা চাইবে সরকার। এ ছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘদিনের যে অদক্ষতার অভিযোগ আছে তা দূর করতে দক্ষতা বাড়ানোর জন্য সহযোগিতা চাওয়ার কথা রয়েছে।
কর্মকর্তারা জানান, গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (তিন), জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে দক্ষতা বাড়ানো- এ পাঁচ প্রকল্পে অর্থায়নের অনুরোধ জানানো হবে। কর্মকর্তারা বলছেন, মাল্টিলেভেল ইন্ডিকেটর প্রোগ্রামের (এমআইপি) আওতায় ইইউ বাংলাদেশকে ২০২০ সাল নাগাদ ৬৯ কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখনো চূড়ান্ত চুক্তি সই হয়নি। পাঁচটি প্রকল্পে এসব অর্থ খরচ করা হবে। বৈঠকের আলোচ্যসূচি থেকে জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১৫ বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং গত জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ইইউয়ের কাছে আর্থিক ও কারিগরি সহযোগিতা চাওয়া হবে।
বিশেষ করে বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, এ বিষয়েও আলোচনার একটি অংশ রাখা হয়েছে। জানা যায়, ইউরোপে অভিবাসন সংকট এবং এর থেকে উত্তরণের উপায়, ইউরোপের দেশগুলোর অবস্থান নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। ইউরোপে নতুন নিরাপত্তা কৌশল, ইউক্রেন, সিরিয়া ও লিবিয়ায় চলমান সংকট, প্যারিসে জলবায়ুসংক্রান্ত কপ-২১ সম্মেলন এবং ইউরোপের অর্থনীতি নিয়েও বাংলাদেশ সরকারকে অবহিত করবে ইইউ।
বৈঠকে বড় একটি অংশজুড়ে থাকবে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসঙ্গ। বাংলাদেশের অন্যতম রপ্তানির বাজার ইইউভুক্ত দেশগুলো। সেসব দেশে মূলত পোশাক, হিমায়িত খাদ্য ও চামড়াজাতীয় পণ্য রপ্তানি করা হয়। রপ্তানি আরো কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে দুই পক্ষের মধ্যে কর্মকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। ইইউয়ের নতুন বাণিজ্য কৌশল, বাংলাদেশের শ্রম আইন, ট্রেড ইউনিয়ন, পোশাক কারখানায় কর্মপরিবেশ, সেবা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি বিষয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান ২৩টি প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিষয়ে তুলে ধরা হবে সভায়। যৌথ কমিশনের সভা শেষে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।











