বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জঙ্গিবাদের ব্যাপারে ‘উদার’: ইমরান

news-image

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ইমরান বলেন, সরকার জঙ্গিদের ব্যাপারে উদার। সরকারের মধ্যে জঙ্গিবাদীদের ভূত ঢুকেছে। এই ভূত ছাড়াতে হবে। আর সরকার যদি জঙ্গিদের ব্যাপারে উদাস হয়,তবে এর কড়া মূল্য সরকারকে দিতে হবে।
 
এর আগে জাগৃতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও রণদীপম বসুকে হত্যা চেষ্টাসহ সকল খুনের বিচার ও জানমালের নিরপত্তার দাবিতে বেলা পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে প্রতীকী কফিন মিছিল বের করেন গনজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য সাধারণ মানুষ যোগ দেন। চলতি বছরে নিহত ছয়জন মুক্তচিন্তার মানুষের হত্যার প্রতিবাদে ফুল ও জাতীয় পাতাকা আচ্ছাদিত ছয়টি কফিন নিয়ে মিছিলটি পুলিশি প্রহরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি,দোয়েল চত্বর ঘুরে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যেতে থাকে।
 
মিছিলটি হাইকোর্টের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি কদম ফোয়ারা পার করে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশের দ্বিতীয় দফা বাধার মুখে পড়ে। এরপর তারা সচিবালয়ে ঢুকতে চাইলে সচিবালয়ের পশ্চিম গেটে তিনস্তরের ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে দেয়। এসময় গণজাগরণ মঞ্চের কর্মীরা ব্যারিকেডের ওপর কফিন রেখে ও নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় তারা স্লোগান দেন ‘আর কত লাশ পড়লে খুনিদের বিচার হবে’; ‘মুক্তচিন্তায় হামলা, রুখে দাও বাংলা’; ‘মুক্তচিন্তা জেগে থাকে, মুক্তচিন্তা ঘুমায় না’  ইত্যাদি।
 
পরে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বক্তব্য দেন। এরপরই সাত সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে যায়। প্রতিনিধি দলে ছিলেন ভাস্কর রাশা, সঙ্গীতা ইমাম, জনার্দন দত্ত নান্টু, জি এম জিলানী শুভ, জীবনানন্দ জয়ন্ত ও তাহনিমা সুলতানা সাথী। এসময় তারা একটি স্মারকলিপি জমা দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন গণজাগরণে মঞ্চের সদস্যরা। বৈঠক  শেষে বেরিয়ে ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। খোদ রাষ্ট্রই এখন নিরাপদ নয়। আপনাদের (সরকারের) নির্লিপ্ততায় প্রমাণ হয়েছে যে, আপনারা জঙ্গিবাদের বা জঙ্গিবাদীদের প্রশ্রয় দিচ্ছেন। এর ফলে হত্যাকারীরা গ্রেফতার হচ্ছে না।
 
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, এখন ব্যক্তি নিরাপত্তার চেয়ে প্রশ্ন উঠেছে রাষ্ট্রই আজ নিরাপদ কিনা। সরকারকে নিশ্চিত করতে হবে যে, রাষ্ট্র নিরাপদ এবং জঙ্গিবাদের হাত থেকে তারা রাষ্ট্রকে রক্ষা করবেন। এটা মানুষকে আশ্বস্ত করতে হবে। ইমরান বলেন, আমাদের কথা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-যত শিগগির সম্ভব ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার ঘটনাগুলোর রহস্য উন্মোচন করা হবে। তিনি আমাদেরকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।
 
এদিকে একই দাবিতে গত মঙ্গলবার গণজাগরণ মঞ্চের আহ্বানে সারা দেশে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এ ছাড়া শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে।