শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির লবিস্ট ফার্মও তৎপর

news-image

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে বড় কোনো অপরাধীর সাজা যখন কার্যকর করার পর্যায়ে থাকে তখনই তা ঠেকাতে নানা ধরনের তৎপরতা শুরু হয় দেশে-বিদেশে। গোলাম আযমদের ফাঁসি না দেওয়ার অনুরোধ জানিয়ে বিচার শেষ হওয়ার আগেই ২০১২ সালে চিঠি পাঠিয়েছিলেন তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করার আগ মুহূর্তে অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবারও বিভিন্ন তৎপরতার মধ্যে চিঠি পাঠিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধিদলের সভাপতি জিন ল্যাম্বার্ট।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধী, একাত্তরের আলবদরপ্রধান জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন জিন ল্যাম্বার্ট। মুজাহিদের রিভিউ আবেদনের ওপর শুনানির প্রাক্কালে গত শুক্রবার ইইউয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহানের মাধ্যমে তিনি ওই চিঠি পাঠান। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিবন্ধন তথ্য অনুযায়ী, ওয়াশিংটনভিত্তিক লবিস্ট ফার্ম অ্যাকিন গাম্প স্ট্রস হওয়ার অ্যান্ড ফেল্ড এলএলপিকে লবিস্ট ফার্ম হিসেবে নিয়োগ করেছে বিএনপি। গত ২০ ফেব্রুয়ারি নিবন্ধিত চুক্তির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের রাজনীতিকদের সঙ্গে বিএনপির সংলাপ আয়োজন, বাংলাদেশে চলমান 'যুদ্ধাপরাধের' বিচার সম্পর্কিত বিষয়ে লবিং, বাণিজ্যনীতি, বাণিজ্য আলোচনা, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাধারণ সম্পর্ক বিষয়ে অ্যাকিন গাম্প বিএনপিকে সেবা দেবে।

স্বাধীনতাবিরোধী দল জামায়াতের পক্ষে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ এবং তাদের তৎপরতার কথা বিচারের শুরু থেকেই জানা গেলেও বিএনপির বিষয়টি এবারই সামনে এলো। 

'জরুরি : জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি আসন্ন' শীর্ষক চিঠিতে ল্যাম্বার্ট লিখেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক প্রতিনিধিদলের সভাপতি হিসেবে তিনি মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্তে উদ্বেগ জানাচ্ছেন। তিনি বিশেষ করে এ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরতে চান। কারণ বিচারের আন্তর্জাতিক মান ও মানবাধিকারের বেশ কয়েকটি বিষয় এখানে বজায় রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে।

গত বছর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে 'যুদ্ধাপরাধের' বিচারের গুরুত্ব স্বীকার করা হয় এবং বিএনপিকে জামায়াত, হেফাজতের মতো গোষ্ঠীগুলো থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। ইইউ মৃত্যুদণ্ডের বিরোধী হলেও বাংলাদেশে মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। তবে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের ফাঁসির রায় নিয়ে ইইউ যেভাবে উদ্বেগ জানায়, অন্যদের বিষয়ে ততটা সরব নয়। এ ক্ষেত্রে ইইউয়ের যুক্তি হলো, তারা বিশ্বের সর্বত্র সব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডাদেশ নিয়ে যত আলোচনা হয় ততটা আলোচনা অন্য অপরাধের মৃত্যুদণ্ডাদেশ নিয়ে হয় না। তবে জিন ল্যাম্বার্ট এবার চিঠি লিখেছেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাজা নিয়ে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকেও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু তাঁর জন্য চিঠি লেখেননি ল্যাম্বার্ট। চিঠির বিষয়ে জানতে জিন ল্যাম্বার্টের কাছে ই-মেইল বার্তা পাঠানো হলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর আসেনি।

বিশেষ ব্যক্তির জন্য আলাদাভাবে ব্যক্তিগত চিঠি লেখাকে বিচারপ্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছে বাংলাদেশি কূটনৈতিক সূত্রগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'কোনো একটি পক্ষ বিচার ঠেকাতে অভিযোগ নিয়ে ইউরোপীয় এমপিদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। আর সেসব অভিযোগ আমলে নিয়ে লেখা চিঠিপত্রও আসছে। বিচার ঠেকাতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির জন্য বিচারের মুখোমুখি হওয়া ব্যক্তিদের দলগুলো একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এমন তথ্য-প্রমাণও আমাদের আছে।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, 'আমরা জানি, অপরাধের ভয়াবহতা যাই হোক না কেন ইউরোপীয় পার্লামেন্ট সব ফাঁসির বিরুদ্ধে। তারা যেকোনো মৃত্যুদণ্ড হলেই তার বিরোধিতা করে। বিভিন্ন সময় তারা আমাদের কাছে তাদের সেই অবস্থান তুলে ধরেছে এবং ভবিষ্যতেও হয়তো তুলে ধরবে। তবে তারা যে এ দেশের আইন সম্পর্কেও অবগত সেটা আমাদের বলেছে। আমরাও আমাদের অবস্থান তুলে ধরেছি।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বিচারব্যবস্থা স্বাধীন। যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। রায় যাই হোক না কেন তা কার্যকর করার ক্ষেত্রে কোনো চাপই বাধা হয়ে দাঁড়াবে না।

বিএনপির হয়ে লবিস্ট নিয়োগ সেই টবি ক্যাডম্যানের : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিবন্ধন তথ্য অনুযায়ী, ওয়াশিংটনভিত্তিক লবিস্ট ফার্ম অ্যাকিন গাম্প স্ট্রস হওয়ার অ্যান্ড ফেল্ড এলএলপিকে লবিস্ট ফার্ম হিসেবে নিয়োগ করেছে বিএনপি। গত ২০ ফেব্রুয়ারি চুক্তিটি নিবন্ধিত হয়। কালের কণ্ঠ'র কাছে থাকা ওই নিবন্ধনের অনুলিপি থেকে দেখা যায়, লবিস্ট ফার্মটির সঙ্গে বিএনপির পক্ষে নিবন্ধন চুক্তি করেন টবি ক্যাডমান। ছদ্ম পরিচয়ে তিনি কয়েকবার বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে চেয়েছিলেন। অভিযুক্ত জামায়াত নেতাদের পক্ষ থেকে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হলেও বার কাউন্সিল অনুমতি দেয়নি। শুনানিতে অংশ না নিলেও বিদেশে জামায়াত নেতাদের পক্ষে তিনি সরব।

চুক্তির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের রাজনীতিকদের সঙ্গে বিএনপির সংলাপ আয়োজন, বাংলাদেশে চলমান 'যুদ্ধাপরাধের' বিচার সম্পর্কিত বিষয়ে লবিং, বাণিজ্যনীতি, বাণিজ্য আলোচনা, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাধারণ সম্পর্ক বিষয়ে অ্যাকিন গাম্প বিএনপিকে সেবা দেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ প্রসঙ্গে বলেন, 'আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে বিএনপি অ্যাকিন গাম্প নামে একটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে। তাদের এক লাখ ২০ হাজার ডলারের বিনিময়ে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল ২০১৫ সালের শুরুর দিকে এবং মাসিক ৪০ হাজার ডলার থেকে শুরু করে এক লাখ ২০ হাজার ডলারের ফির বিনিময়ে। সেখানে চারটি কারণের কথা বলা হয়েছে। তার প্রথমটি ছিল যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে।'

প্রতিমন্ত্রী বলেন, 'সেখানে তো আর বলা থাকবে না সংসদ বা সিনেটরদের দিয়ে তদবির করে ফাঁসির রায় কমিয়ে দেওয়া বা চাপ প্রয়োগ করা বা চিঠি দেওয়া বা টেলিফোন করানো।' তিনি বলেন, "দ্বিতীয়তে ছিল 'ট্রেড পলিসি' এবং 'ট্রেড নেগোসিয়েশনস'। যে বিএনপি সংসদে নেই, যে বিএনপি সরকারি বা আনুষ্ঠানিক কোনো বিরোধী দল নয়; তারা বাংলাদেশের ট্রেড পলিসি ও ট্রেড নেগোসিয়েশনস নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কী তদবির করতে পারে তা অবশ্যই বিএনপি চেয়ারপারসনের ওয়াশিংটন টাইমসের কথা মনে করিয়ে দেয়। এর পাশাপাশি মানবাধিকার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পর্ক নিয়ে বলা হয়েছে। ফলে এটা থেকে তো পরিষ্কার বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য এ টাকাটি খরচ করা। মজার বিষয় হলো এটা কিন্তু জামায়াতে ইসলামীর চুক্তি নয়। এটি জাতীয়তাবাদী দলের চুক্তি। এত টাকা বিনিয়োগের বিনিময়ে একটি চিঠি একটি টেলিফোন কল আসতে পারে। এতে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।"

শাহরিয়ার আলম আরো বলেন, 'প্রথম প্রশ্ন হলো তারা এক লাখ ২০ হাজার ডলারের যে চুক্তিটি করেছে তাতে কি বিএনপি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েছে? আর যে মাসিক ফি দিতে হচ্ছে তা কি নির্বাচন কমিশনে দেওয়া রাজনৈতিক দলের হিসাব বিবরণীতে তারা দেখিয়েছে? এ বিষয়গুলোর খোঁজখবর নেওয়া হবে। এটি মানি লন্ডারিংয়ের কেস।'

তৎপর জামায়াতি লবিস্ট ফার্মগুলো : কূটনৈতিক সূত্রে পাওয়া অন্য এক নথি থেকে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও আওয়ামী লীগ সরকারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের মনোভাবকে প্রভাবিত করতে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অর্গানাইজেশন ফর পিস অ্যান্ড জাস্টিজ ইনক. নামে একটি প্রতিষ্ঠান গত বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম কেসেডি অ্যান্ড অ্যাসোসিয়েটস ইন করপোরেশনের সঙ্গে চুক্তি সই করে। সেখানে এ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক ছাড়াও নীতি গবেষণা প্রতিষ্ঠান ও পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন এমন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। জামায়াত নেতা মীর কাসেম আলী ও তাঁর ভাই মীর মাসুম আলী ২০১১ সালে তিন লাখ ১০ হাজার ডলারের বিনিময়ে প্রাথমিকভাবে তিন মাসের জন্য কেসেডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে নিয়োগ করেছিলেন।

হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ নামে আরেকটি প্রতিষ্ঠান মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকাতে যুক্তরাষ্ট্রভিত্তিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। ওই প্রতিষ্ঠানগুলো বিচারের মুখোমুখি হওয়া জামায়াত নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে জানা গেছে।