বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কিছু হলেই খালেদাকে দায়ী করা হয়

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন সর্বত্র কুশাসন, অপশাসন চলছে। পুনরায় ক্ষমতায় যাওয়ার দূরভিসন্ধি থেকেই দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা হচ্ছে। কিছু বললেই রাস্তায় লাশ পড়ে থাকে। এমপি সাহেবরা শিশুকে গুলি করেন, ইয়াবা ব্যবসা করেন। বিদেশিরা রেড অ্যালার্ট দেয়। দেশে কিছু হলেই আইএস। খালেদা জিয়াকে দায়ী করা হয়। ফলে পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারে না। তাঁর প্রশ্ন, 'এ সরকার কিভাবে দেশ পরিচালনা করবে?'

গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টির টাঙ্গাইল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। স্থানীয় ভাসানী হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি ও মীর আবদুস সবুর আসুদ।

সম্মেলনের শেষ পর্যায়ে জাতীয় পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসেবে আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হকের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান। তখন উপস্থিত নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানায়। পরবর্তী সময়ে ঢাকায় এরশাদ নিজে উপস্থিত থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও জানান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, চার শ বছরের ইতিহাসে তাজিয়া মিছিলে বোমা হামলা হলো। দুই বিদেশিকে হত্যা করা হলো। এ ঘটনার মূল হোতাকে খুঁজে পাওয়া গেল না। পুলিশকে মেরে ফেলা হলো। দেশে পুলিশেরও নিরাপত্তা নেই। এ সরকার কিভাবে দেশ চালাবে? তিনি বলেন, 'দেশের সর্বত্র কুশাসন, অপশাসন চলছে। সর্বত্র হাহাকার, মূল্যবোধের অবক্ষয়। মানুষ এ থেকে মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। আমি রাষ্ট্রক্ষমতা ছেড়ে দেওয়ার পর কোনো সময় সংসদ প্রাণবন্ত ছিল না। এখন আবার আমরা সংসদে উপস্থিত থেকে সরকারের সমালোচনা করছি। বিএনপির কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, 'দেশে একটি দল আছে সেটি শেয়ালের গর্তে লুকিয়েছে। মাঝেমধ্যে বেরিয়ে আসে। পুলিশ দেখলে আবার মাথা লুকায়।'

নিজের শাসনামলের কথা তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'এরশাদের আমলে মানুষের নিরাপত্তা ছিল। তখন কেউ গুম হয় নাই। বিচার ছিল। বিচার বিভাগে হস্তক্ষেপ করা হয় নাই। আইনের শাসন ছিল। তাই মানুষ জাতীয় পার্টির কথা স্মরণ করে। এখন নির্বাচন কমিশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সত্যিকার অর্থে শক্তিশালী নির্বাচন কমিশন চাই। যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হবে।'

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পার্টির সব সম্মেলন শেষ করে ২০১৯ সালে সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করা হবে বলে জানান হুসেইন মুহম্মদ এরশাদ। সেই নির্বাচনে তাঁর দল বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে তিনি উপস্থিত নেতাকর্মীদের জানান।

 

 

kalerkantho.com