সিজারে তাভেল্লা হত্যায় সন্দেহে চার বিএনপি নেতা
৩ 'খুনি' ছাড়াও সন্দেহে চার বিএনপি নেতা
রাজধানীর কূটনৈতিক পাড়ায় ইতালির নাগরিক সিজারে তাভেল্লা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সম্ভাব্য তিন খুনিকে শনাক্ত করতে পেরেছে তদন্তদল। পুলিশের দাবি, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা নেই। রাষ্ট্র ও সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে ইতালির নাগরিককে যে হত্যা করা হয়েছে এ বিষয়েও নিশ্চিত পুলিশ। এখন ঘাতক ও পরিকল্পনাকারী চক্রকে গ্রেপ্তারের জন্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সিজারে তাভেল্লা খুনে সরাসরি জড়িত তিন খুনিসহ সন্দেহভাজন সাতজনকে নজরদারিতে নিয়েছে পুলিশ। অন্তত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকারবিরোধী 'ষড়যন্ত্র' এবং হত্যার আলামতের সূত্র ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চার নেতাকেও সন্দেহের আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় নেতা। বাকি তিনজন সহযোগী সংগঠন ও মহানগর নেতা। নির্ভরযোগ্য সূত্র বলছে, তথ্য-প্রমাণের মাধ্যমে মোটিভ মেলানো গেলেই গ্রেপ্তার করা হবে কয়েকজনকে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গতকাল রবিবার জানিয়েছেন, তাভেল্লার 'খুনিদের' শনাক্ত করা গেছে। এটি যে 'পরিকল্পিত' এবং 'ষড়যন্ত্রমূলক' হত্যাকাণ্ড এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সময়সীমা বেঁধে দিয়ে কোনো তদন্ত শেষ করা যায় না। তাভেল্লা হত্যাকাণ্ডটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা সবচেয়ে প্রতিভাবান এবং অভিজ্ঞ অফিসারদের তদন্তের দায়িত্ব দিয়েছি। দুটি তদন্ত টিম করেছি, যারা অত্যন্ত দক্ষ। আমরা কাজ করে যাচ্ছি। তবে এটিকে প্রমাণ এবং অপরাধীকে সন্দেহাতীতভাবে শনাক্ত করার জন্য এখন তথ্য-প্রমাণ সংগ্রহ বাকি রয়েছে।' রাজনৈতিক বিরোধীপক্ষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে- এমন প্রশ্নের উত্তরে ডিএমপির কমিশনার বলেন, 'তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে আমরা তদন্ত করি। আমরা কাউকে হয়রানি করি না। আমাদের ওপর আস্থা রাখেন। সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা খুনি শনাক্ত করতে পেরেছি। শুধু সাক্ষ্য-প্রমাণ এবং বাকি যে কাজগুলো আছে, সেগুলো চলছে। সময়মতো আপনারা জানতে পারবেন। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, 'আমি আপনাকে আবারও বলছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে ন্যূনতম জঙ্গি-সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তাধীন বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। তবে মূল ষড়যন্ত্র ও পরিকল্পনা বিষয়ে জানা গেছে। এখন মাস্টারমাইন্ডদের শনাক্ত করার চেষ্টা চলছে। সময় হলে আপনাদের সামনে তাদের হাজির করা হবে।'
নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রযুক্তি ও প্রচলিত পন্থায় তদন্ত করে হত্যায় সরাসরি অংশ নিয়েছে এমন তিনজনকে শনাক্ত করেছেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে দুজনের নাম মো. রাসেল। একজনের বয়স ৩৫, অন্যজনের ৪০ বছর। তৃতীয় ব্যক্তির নাম তামজিদ আহম্মদ ওরফে রুবেল, বয়স ২৯। দুই রাসেলই বাড্ডা এলাকার বিএনপির কর্মী। রুবেল বাড্ডায় একটি মোবাইল ফোনের দোকানদার। তাঁর বাড়ি মানিকগঞ্জে। সিসিটিভির ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, দুজন তাভেল্লা খুনের আগে ও পরে মোটরসাইকেলে ছিলেন। তাঁদের পাশাপাশি তদন্তকারীরা গুলশান ও বাড্ডা এলাকার আরো কয়েকজনকে সন্দেহের আওতায় এনেছেন। তাঁদের মধ্যে শ্যুটার জুয়েল ও ফারুক নামে দুজনের নামও জানা গেছে। এ ছাড়া হরতাল ও অবরোধের সময় ঘটা নাশকতার মামলার কয়েকজনকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল পর্যন্ত সন্দেহভাজন অন্তত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে কয়েকজনকে। জিজ্ঞাসাবাদে ও তদন্তে পাওয়া তথ্যের সূত্র ধরে অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকটি দল।
যেভাবে তিন খুনি শনাক্ত : সূত্র জানায়, তাভেল্লা খুনের পর তাঁর ব্যক্তি ও কর্মজীবন, জঙ্গি হামলা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র- এই তিনটি বিষয়কে সামনে রেখে তদন্তে নামে ডিবি। দেশে-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করা এই খুনের ছায়া তদন্ত শুরু করে র্যাব, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) ছয়টি গোয়েন্দা সংস্থা। ডিবির দুটি কমিটি তদন্ত শুরু করে। পর্যবেক্ষণ শুরু করে পুলিশ সদর দপ্তর। এই খুনের পাঁচ দিন পর রংপুরে একই কায়দায় জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এরপর ছোট হয়ে আসে তদন্তক্ষেত্র। প্রথম সপ্তাহের তদন্তেই ডিবি নিশ্চিত হয় তাভেল্লার ব্যক্তিজীবনে এমন কোনো ঘটনা নেই, যে কারণে তিনি খুন হতে পারেন। এটিও নিশ্চিত হওয়া যায়, শুধু বিদেশি বলেই তাঁকে খুন করা হয়েছে। হত্যার আলামতে স্পষ্ট হয়, আগে থেকে অনুসরণ করা হয়েছিল তাভেল্লাকে। দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় একটি ছায়া তদন্তকারী সংস্থা। এসব তথ্য দেওয়া হয় ডিবিকে। তদন্তকারীরা দেশে-বিদেশি ষড়যন্ত্র এবং জঙ্গি-সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করেন।
তাভেল্লা খুনের পর টুইটার বার্তায় আইএসের নামে দায় স্বীকারের ব্যাপারে তদন্ত করে গোয়েন্দারা নিশ্চিত হন ওই বার্তাটি ভুয়া। হত্যা করে ঘটনাটিকে জঙ্গিদের কাজ বলে প্রচারের চেষ্টা করেছে একটি মহল। এরপর সরকারবিরোধী গোষ্ঠীকে ঘিরে একমুখী তদন্ত শুরু হয়। সূত্র মতে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে অস্বচ্ছ ক্যামেরা ফুটেজ থেকে সন্দেহভাজন কয়েকজন মোটরসাইকেল আরোহীর চেহারা বের করে আনেন তদন্তকারীরা। হত্যাকাণ্ডের আগে ও পরে গুলশানের ৯০ ও ৮৩ নম্বর রোডে থাকা ১৮ ব্যক্তিকেও শনাক্ত করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে মিল খুঁজেছেন তদন্তকারীরা। সব শেষে বিশ্লেষণে মোটরসাইকেলে থাকা দুজন এবং ঘটনাস্থলে থাকা একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে আলাদা করে তদন্তদল। তাঁদের একজনের নাম রুবেল এবং অপর দুজনের নাম রাসেল। যেকোনো মুহূর্তে তাঁদের গ্রেপ্তারের সম্ভাবনা আছে বলে জানিয়েছে সূত্র। সন্দেহভাজন আরো কয়েকজন পেশাদার খুনিকেও খুঁজছেন তদন্তকারীরা। তাঁদের সূত্র ধরে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং মোটরসাইকেলের সন্ধান চলছে।
জানতে চাইলে তদন্ত তদারকি কর্মকর্তা ও ডিবির এডিসি মাহফুজুল ইসলাম বলেন, 'কমিশনার স্যার যথার্থই বলেছেন। সাক্ষ্য-প্রমাণ ও আলামতের সূত্র ধরে আমরা তিন সন্দেহভাজন খুনিকে শনাক্ত করেছি। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ম্যানুয়ালিও কাজ করছি আমরা।' প্রশ্ন করা হলে তিনি বলেন, 'খুনি বা পরিকল্পনাকারী গ্রেপ্তার হলে রহস্যই উদ্ঘাটন করা হয়ে যেত। তথ্য জানা ও যাচাইয়ের জন্য অনেকের সঙ্গে কথা বলেছি আমরা। তবে কোনো গ্রেপ্তার নেই।' সন্দেহে চার বিএনপি নেতা : তদন্ত ও ছায়া তদন্তসংশ্লিষ্ট দুই কর্মকর্তা পরিচয় প্রকাশ না করা শর্তে কালের কণ্ঠকে বলেন, বেশ কয়েক দিন তদন্তের পর তাঁরা বিএনপির কেন্দ্রীয় এক নেতা, মহানগর বিএনপির দুই শীর্ষ নেতাসহ তিনজনকে সন্দেহের আওতায় এনেছেন। সন্দেহভাজন খুনি, হত্যার আলামত, হত্যার আগে ও পরে প্রচার এবং রহস্যজনকভাবে গা ঢাকা দেওয়ার কারণে এই চার বিএনপি নেতাকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। তাঁরা ঘটনায় সংশ্লিষ্ট থাকতে পারেন এমন কিছু তথ্যও মিলেছে। তবে ওই দুই কর্মকর্তার ভাষ্য মতে, এসব তথ্য এখনো 'জাস্টিফাইড' না। এ কারণে অনেক কিছু যাচাই-বাছাই চলছে। সূত্র, আলামত এবং গ্রেপ্তারের পর খুনির বর্ণনা মিলে গেলে মোটিভ উদ্ধার এবং 'মাস্টারমাইন্ড' শনাক্ত হবে। পরিচয় গোপন রাখা কর্মকর্তারা বলেন, দুই বিদেশি খুনের ঘটনা দেশে ও বিদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ফলে এ ঘটনার তদন্ত প্রতিবেদন এবং গ্রেপ্তার শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশ্বাসযোগ্য হতে হবে। তাই যথেষ্ট প্রমাণ নিয়েই খুনি শনাক্ত হয়েছে বলে দাবি করবেন তদন্তকারীরা। এ কারণে খুনি গ্রেপ্তার এবং পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে- এমন অগ্রগতির খবর এখনই জানাচ্ছে না পুলিশ। তবে শিগগিরই রহস্য উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। সূত্র জানায়, সন্দেহভাজন খুনির তালিকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নামও রয়েছে। তবে যাচাই করে এখনো কারো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।
কুনিও হোশি হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেলের ছোট ভাই রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সন্দেহভাজন পরিকল্পনাকারীদের সূত্র ধরে খুনি শনাক্ত এবং রহস্য উদ্ঘাটনের কাছাকাছি এখনো পৌঁছানো যায়নি। ফলে তাভেল্লা খুনে সরাসরি অংশ নেওয়া খুনিদের গ্রেপ্তার করে তাদের মাধ্যমে পরিকল্পনাকারী শনাক্তের কৌশল গ্রহণ করেছেন তদন্তকারীরা। বিএনপির বক্তব্য : গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, দুই বিদেশি হত্যায় জড়িতদের খুঁজে বের না করে সরকার বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, 'দুই বিদেশি হত্যাকাণ্ডের পরপরই আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। আমরা দাবি করেছিলাম যাতে দ্রুত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়। কিন্তু ব্যর্থ সরকার তা না করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা অব্যাহত রেখেছে। পত্রিকায় খবর বের করা হচ্ছে, আমাদের অত্যন্ত সংগ্রামী সহকর্মী হাবিব-উন-নবী সোহেল নাকি এ ঘটনার সঙ্গে জড়িত? কোনো তদন্ত ছাড়াই কাউকে দোষারোপ করাটা অন্যায়, অনাচার। যাঁরাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন, সরকার তাঁদের বিরুদ্ধে মামলা-হামলা করে দমিয়ে রাখতে চাইছে।' বিএনপির এই নেতা আরো বলেন, 'কোনো ঘটনা ঘটলেই তদন্ত শেষের আগেই দেশের সর্বোচ্চ স্থান থেকে বিরোধী দলকে অভিযুক্ত করা হয়।
এটা আইন ও বিচারকে প্রভাবিত করার শামিল। এর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য- কোনো প্রমাণ ছাড়াই খালেদা জিয়া, তারেক রহমানকে অভিযুক্ত করার পাঁয়তারা চলছে; যার ধারাবাহিকতায় হাবিব-উন-নবী সোহেলসহ নেতাদের অভিযুক্ত করা হচ্ছে। এসব বন্ধ করা হোক।' প্রসঙ্গত গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কে নেদারল্যান্ডভিত্তিক এনজিও ইন্টারচার্চ কো-অর্ডিনেশন কমিশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করপোরেশনের (আইসিসিও) প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি (প্রুফ) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক তাভেল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পাঁচদিন পর গত ৩ অক্টোবর সকালে রংপুরের মাহিগঞ্জে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক কোনিও হোশি।











