বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শখের বাজার

news-image

গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, নাম কাঁটাবন ফিশ এন্ড পেট অ্যানিমেল মার্কেট। রয়েছে শতাধিক রকমের সুদর্শন মাছ : গোল্ডফিশ, ফাইটার ফিশ, গ্লাস ফিশ। রয়েছে কুকুর বিড়াল বানর খরগোশ গিনিপিগ কচ্ছপ কাঁকড়া আরো কত কি! পাখির কিচিরমিচির শব্দে থমকে যায় পথচারীর পথচলা। চোখ জুড়ায় রঙিন মাছের রূপে। আছে ছোট ছোট বাহারি প্রাণীও। জায়গাটি কোনো অভয়াশ্রম কিংবা নিঝুম পল্লী নয়। খোদ রাজধানীর ব্যস্ততম সড়কেই এমন দৃশ্যের অবতারণা।
 
বাসা-বাড়িতে পোষা যায় এমন নানারকম পশুপাখিতে ভরা এই স্থানটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কাঁটাবনে। শৌখিন পশুপ্রেমীদের জন্য এখানে গড়ে উঠেছে পোষা প্রাণীর জমজমাট বিক্রয়কেন্দ্র। নাম ‘কাঁটাবন ফিশ অ্যান্ড পেট অ্যানিমেল মার্কেট’। শৌখিন পশুপ্রেমীদের কথা মাথায় রেখে এই বাজারে রয়েছে প্রায় সব ধরনের পোষা প্রাণী। এই শখের বাজারে রয়েছে প্রায় ১০০ থেকে ১২০ প্রজাতির রঙিন মাছের বিশাল সম্ভার। এই মার্কেটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এসব প্রাণী ও মাছের প্রজনন কেন্দ্র। বর্তমানে বহু বেকারের কর্মসংস্থানের উপায় হয়ে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তথা কাঁটাবন ফিশ অ্যান্ড পেট অ্যানিমেল মার্কেট।
 
রাজধানীবাসীর দৈনন্দিন ব্যস্ততার বাইরে তাদের শৌখিন চাহিদাকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাঁটাবনে গড়ে উঠেছে পোষা প্রাণীর এ বাজার। নীলক্ষেত মোড় থেকে কাঁটাবন সিগন্যাল পর্যন্ত বিস্তৃত এই মার্কেটটির গঠন ধনুকের মতো বাঁকা। অবস্থান ও যাতায়াতের সুবিধা থাকায় রাজধানীর সব জায়গা থেকে অনায়াসেই আসা যায় এই মার্কেটে। মানচিত্রিক অবস্থানে মার্কেটটির পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পশ্চিমে নীলক্ষেত এবং নিউমার্কেট, দক্ষিণে বুয়েট ও পলাশী রোড এবং উত্তরে হাতিরপুল, এলিফ্যান্ট রোড ও পূর্বে শাহবাগ এলাকা।
 
বাসা-বাড়িতে পোষা যায় এমন সব ধরনের দেশি-বিদেশি প্রাণী ও তাদের পরিচর্চা করার মতো সবকিছুই পাওয়া যায় কাঁটাবন ফিশ অ্যান্ড পেট অ্যানিমেল মার্কেটে। এখানে পাওয়া যায় উল্লেখযোগ্য এমন প্রাণীদের মধ্যে রয়েছে– কুকুর, বিড়াল, খরগোশ, বানর, গিনিপিগ, বিলাতি ইঁদুর, মুরগি, কোয়েল পাখি, কচ্ছপ, শামুক, কাঁকড়া, তারা মাছ, গোল্ডফিশ, ফাইটারফিশ, হাইফিন প্লাটি, রেমিরোজি, গ্লাস ফিশ, রুই কিং। প্রকারভেদে এখানে দেশি-বিদেশি বিড়াল ৫০০ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যায়। শঙ্কর প্রজাতির বিড়ালও পাওয়া যায়, যার দাম ৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। খরগোশ ৩০০ থেকে ৬০০ টাকা, প্রজাতি ও রঙভেদে খরগোশ ও গিনিপিগ ২৫০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যায়, বিলাতি ইঁদুর ৫০ থেকে ২০০ টাকা, দেশি-বিদেশি মুরগি ৫০০ থেকে ৩ হাজার টাকা, কোয়েল পাখি ৬০ থেকে ১০০ টাকা।বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক ধরনের পশুপাখি থাকলেও এ বাজারে রঙবেরঙের বিভিন্ন মাছের চাহিদাই সবচেয়ে বেশি। তাই প্রায় প্রতিটি দোকানেই রঙিন মাছের এক বিশাল সম্ভার রয়েছে। এখানে মাছের শতাধিক প্রজাতি পাওয়া যায়। সামুদ্রিক মাছ ছাড়াও সামুদ্রিক প্রাণী যেমন কচ্ছপ, শামুক, কাঁকড়া, তারা মাছও পাওয়া যায়। একজন দোকান মালিক জানান, বর্তমানে এখানকার ব্যবসায় কিছুটা মন্দাভাব রয়েছে। তারপরও এই বাজারকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে গড়ে উঠেছে বিদেশি পশু প্রজনন কেন্দ্র। এসব কেন্দ্রে কর্মসংস্থান হয়েছে হাজারো যুবকের।
 
বিক্রেতারা জানান, এখানে কম মূল্যের গোল্ডফিশ ৩০ টাকা জোড়া থেকে শুরু করে এক লাখ টাকার রেড অ্যারোনাও বিক্রয় হয়। এছাড়া এখানে পাওয়া যায় হরেক রকম পাখি যেমন ঘুঘু, মুনিয়া, ময়না, টিয়া, কোয়েল, তোতা, কবুতরের নানা প্রজাতি। রয়েছে গিরিবাজ, শিরাজী, লাক্ষ্যা, গোলাসহ অসংখ্য প্রজাতির কবুতর। পাকিস্তানি পাখি ককাটেল, ম্যাকাও, গ্রেভার্ড, ভারতীয় পাখি স্ট্রবেরি, অস্ট্রেলিয়ান পাখি লাভবার্ডসহ রয়েছে নানা প্রজাতির বিদেশি পাখি। এসব পাখির মধ্যে সর্বনিম্ন মূল্য মুনিয়া পাখির, দাম জোড়াপ্রতি ২৫০ টাকা।
 
আর ম্যাকাও বা গ্রেভার্ডের মতো বিদেশি পাখির মূল্য সবচেয়ে বেশি, জোড়া ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কোনো ক্রেতা ‘বায়না’ দিলেই পাখি সরবরাহ করা হয়। লাভবার্ডের জোড়া ১ হাজার থেকে ৩৫ হাজার টাকা। মূলত, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও চীন থেকে এসব পাখি আমদানি করা হয়। জকুভিন কবুতর পড়বে জোড়া ১০ হাজার টাকা। হাউজ পিজিওন একই দামে পাওয়া যাবে। পকারবলের দাম জোড়া ৮ হাজার টাকা। পিনের জোড়া ৬ হাজার থেকে ১২ হাজার টাকা। জালালি কবুতর সবচেয়ে কমদামে পাওয়া যাবে জোড়া ১ হাজার টাকা। লাক্ষ্যা কবুতর পাওয়া যাবে ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে ।
 
দেশি-বিদেশি এবং দুর্লভ প্রজাতির কুকুর পাওয়া যায়। যার মধ্যে স্পেজ, ডোনারমেন, লেভরা ডগ, গোল্ডেন রিট্রিউভার, ডালমাসিয়ান, পার্ক, শেফার্ড অন্যতম। প্রজাতিভেদে এসব কুকুরের মূল্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত। কুকুরের ব্যবহারের  জন্য খাঁচা, শিকল, বেল্টও পাওয়া যায়। বিদেশি মাছগুলো লালন-পালন করার জন্য এখানে বিভিন্ন আকারের ছোটবড় অ্যাকুরিয়াম পাওয়া যায়। আকার অনুযায়ী অ্যাকুরিয়ামের মূল্য ২ হাজার থেকে ৫ লাখ টাকা। এছাড়া অ্যাকুরিয়াম সাজানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাথর, অক্সিজেন, শোপিসসহ সব ধরনের সামগ্রী এখানে পাওয়া যায়। বাজারের এই বিপুলসংখ্যক পোষা প্রাণীর খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করছে সংশ্লিষ্ট বিক্রেতারা। মাছ, পশু বা পাখির প্রতিটি প্রজাতি লালন-পালন সংক্রান্ত বইপত্র এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং ওষুধসামগ্রী এখানে পাওয়া যায়। বিক্রেতারা জানান, বিভিন্ন প্রাণীর জন্য প্রয়োজন হয় বিভিন্ন রকমের খাবার। রকম অনুযায়ী পাখির খাবারের মূল্য ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা প্রতি প্যাকেট। মাছের খাবার পাওয়া যায় প্রতি প্যাকেট সর্বনিম্ন ৪০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত। কুকুর-বিড়ালের খাদ্য তালিকায় প্রতিদিন মুরগিসহ খিচুড়ি রাখতে হয়।
 
অ্যাকুয়ারিয়াম ও খাঁচা
 
এবার আসি অ্যাকুয়ারিয়াম ও খাঁচা প্রসঙ্গে। মাছ কেনার পর সেগুলো কেমন অ্যাকুয়ারিয়ামে রাখা যাবে সেটাও তো ভাববার বিষয়। কাঁটাবনের এ দোকানগুলোতেই পাওয়া যায় কাচের তৈরি ছোট-বড় নানারকম  অ্যাকুয়ারিয়াম। বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, এখানে এক ফুট প্রস্থের অ্যাকুয়ারিয়ামের দাম পড়বে ১শ আর দেড় ফুট মাপের অ্যাকুয়ারিয়াম ৩শ ৫০ টাকা। দুই থেকে পাঁচ ফুটের একটু বড় আকারের অ্যাকুয়ারিয়ামের দাম ৯শ থেকে আট হাজার টাকা পর্যন্ত। ছোট কাচের পাত্রের মতো অ্যাকুয়ারিয়ামগুলোর দাম দেড়শ টাকা থেকে ২শ টাকা। এছাড়াও পছন্দমতো বৃহত্ অ্যাকুয়ারিয়ামের অর্ডারও দেয়া যায়। বড় অ্যাকুয়ারিয়ামের ভারসাম্য ধরে রাখতে  আকার ও ধরন অনুযায়ী কাঠের ফ্রেম পাওয়া যায়। অ্যাকুয়ারিয়াম সাজানোর ছোট পাথর, মার্বেল, কৃত্রিম ঘাস ও লতাপাতাসহ নানা উপকরণ এসব দোকানেই পাওয়া যায়। এখানে প্রতি প্যাকেট পাথর ৮০ টাকা। নানা রঙের মার্বেল পাওয়া যাবে ১শ টাকার মধ্যেই।
 
অ্যাকুয়ারিয়ামে মাছ বা জলজ প্রাণী রাখতে হলে এসবের বিশেষ যত্নও নেয়া প্রয়োজন। অনেক সময় পানি বদলে না দিলে বা প্রয়োজনীয় যত্ন না নিলে মাছ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে। এ প্রসঙ্গে আটলান্টিস অ্যাকুয়ারিয়ামের স্বত্বাধিকারী সোহান আহমেদ জানান, নিয়মিত পানি পরিবর্তন না করলে বা মাছের যত্ন না নিলে লেজ পচা, হোয়াইট স্পট বা আইচ রোগ দেখা দেয়। সঠিক সময়ে মাছের খাবার দেয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে। তিনি জানান, পানিতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হচ্ছে কিনা, সে দিকেও খেয়াল রাখা প্রয়োজন। অক্সিজেন সঠিকভাবে পাওয়ার জন্য একটি অক্সিজেন মোটর লাগিয়ে নিলে ভালো হয়। ২শ থেকে ৩শ টাকার মধ্যেই মোটর পাওয়া যাবে বলে জানান তিনি।
 
বিভিন্ন সাইজের পশু-পাখির খাঁচা রয়েছে। সাইজ অনুযায়ী ২০০ টাকা থেকে ৩ হাজার টাকায় পাওয়া যায়। কেউ চাইলে পছন্দমতো সাইজ এবং রঙের খাঁচা অর্ডার দিলে বানিয়ে দেয়া হয়।
 
উল্লেখযোগ্য দোকান
 
ম্যাক ট্রেডার্স, ফিশ অ্যাকুরিয়াম বার্ডস প্যালেস, দি বাডর্্স বিতান, পিজিওন কর্নার, জারা, দি ফ্লাই বার্ডস, দি শৌখিন বার্ড্স, রেড সি এন্টারপ্রাইজ, ফিশ ওয়ার্ল্ড, বাডর্্স লাভার কর্নার, আদি শৌখিন বিতান, বার্ড্ প্ল্যানেট, দিনা অ্যাকুরিয়াম, কেইজ বার্ড্স, দোহার বার্ডস, ড্রিম বার্ড্স, দি বার্ড্স ওয়ার্ল্ড, বিসমিল্লাহ অ্যাকুরিয়াম সেন্টার, মত্স্য মেলা ইত্যাদি।