শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশী পর্যটকরা বাংলাদেশে নিরাপত্তাজনিত কোনও হুমকি দেখছে না

news-image

দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমনের ক্ষেত্রে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকরা কোন ধরনের ঝুঁকি বা হুমকি দেখছেন না। তারা নির্বিঘ্নেই তাদের ভ্রমণ শেষ করেছেন।

কয়েকদিন আগে বাংলাদেশ ভ্রমনে এসেছিলেন অস্ট্রেলীয় ভদ্রমহিলা ডেব ডানকান (৬২)। বাংলাদেশ ছাড়ার আগে আজ বিকেলে বাসস’কে তিনি বলেন, ‘আমরা এখানে কোন নিরাপত্তা জনিত হুমকি অনুভব করিনি। গত এক সপ্তাতে বাংলাদেশে অবস্থানকালে আমরা নিরাপদ বোধ করেছি।’ অস্ট্রেলীয় ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর বাতিল করার এক সপ্তাহ পর ডেব ডানকান গত ৮ অক্টোবর তার স্বামীকে নিয়ে বাংলাদেশ ভ্রমনে আসেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় তারা সুন্দরবন সহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমন করেন।


অজ্ঞাত আততায়ীর গুলিতে ঢাকায় ইতালীয় এনজিও কর্মকর্তা নিহত হওয়ার পর অস্ট্রেলীয় ক্রিকেট দল তাদের সফর বাতিলের ঘটনায় বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘সত্য কথা বলতে কি এ ঘটনার পর তারা না আসায় আমি খুবই বিষ্মিত হয়েছি। এ ধরনের ঘটনা সারা বিশ্বই ঘটছে। আমার মতামত হচ্ছে, তাদের সফর বাতিল করা ঠিক হয়নি।’ বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমনের অভিজ্ঞতাকে খুবই সুখকর হিসেবে উল্লেখ করেন এই অস্ট্রেলীয় দম্পতি। তারা জানান, নিজ দেশে ফিরে আত্মীয়- বন্ধুদেরকে বাংলাদেশ ভ্রমন করতে বলবেন। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ এই বিদেশী দম্পতি এদেশের শান্তিপ্রিয় ও সহজ-সরল জনগণেরও প্রশংসা করেন তারা। এ ব্যাপারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিপনন ব্যবস্থাপক পারভেজ আহমেদ চৌধুরী জানান, ‘নিরাপত্তা জনিত উদ্বেগের অজুহাতে তাদের সরকার সেদেশের ক্রিকেটদলকে বাংলাদেশ সফরে আসতে না দেয়ায় আমরা অস্ট্রেলীয় নাগরিকদের এই ট্যুরকে খুবই গুরুত্ব দিয়েছি। আমার বিশ্বাস এই অস্ট্রেলীয় দম্পতির নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন বাংলাদেশ ভ্রমণেচ্ছুন অন্যান্য অস্ট্রেলীয়র কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিবে।’
এ ছাড়াও আজ সকালে রাশিয়া, ইউক্রেন, লাটভিয়ার ১৮ জন পর্যটক বাংলাদেশ ভ্রমন শেষে ঢাকা ছেড়েছেন। তারা রাঙ্গামাটি, চট্টগ্রাম, রাজশাহী ও সুন্দরবন ভ্রমণ করেছেন বলে জানান, বেসরকারি ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।


তিনি আরও জানান, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আরও ১০জন পর্যটন দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশে দুই বিদেশী নাগরিকের দুঃখজনক হত্যাকান্ড সত্ত্বেও পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের আগ্রহে কোন ভাটা পড়েনি। তবে তাদেরকে নিরাপত্তা জনিত বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তিনি জানান, আগামী এক মাসের জন্য তার প্রতিষ্ঠানের সব শিডিউল সম্পন্ন হয়ে আছে।
একই ধরণের মতামত জানিয়েছেন, অন্যান্য ট্যুর অপারেটররা। বাসস