বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দিনে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৯ হাজার ৪’শ

news-image

২ বিদেশি হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষার্থে সারাদেশে চলেছে পুলিশের ধরপাকড় অভিযান। গত ১২ দিনে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার কার হয়েছে ২৯ হাজার ৪’শ। আর এদের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এদের অনেকের বিরুুদ্ধে রয়েছে একাধিক মামলা।
ধরপাকড় অভিযানে ১২ দিনে পুলিশ দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসীসহ ২৯ হাজার ৪’শ ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ঘোষিত শীর্ষ সন্ত্রাসী ৬ জন, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ২০ হাজার ৮৪৮ জন। মামলা সংক্রান্তসহ অন্যান্য ঘটনায় গ্রেফতার ৮ হাজার ৪৯৫ জন।
অভিযান চলাকালে ৯৫টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, অন্যান্য অস্ত্র ১৩২টি, বিভিন্ন ধরনের গুলি ৪৬৯ রাউন্ড, বিস্ফোরকদ্রব্য ৮৭টি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৭ কেজি হেরোইন, ২০ হাজার বোতল ফেনসিডিল, ১২’শ কেজি গাঁজা ও ১০ হাজার লিটার মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সন্ত্রাস দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যহত থাকবে।
পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানায়, ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যা ও বাড্ডায় বাসায় ঢুকে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে নির্মমভাবে গলা কেটে হত্যাসহ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে পুলিশ হেডকোয়াটার্সের জরুরি বৈঠকের পর দেশব্যাপী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, পুরনো নাশকতা ও বোমা মামলার আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা ও ছক তৈরি করা হয়।
নানা কৌশলে মেট্রোপলিটন শহর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত ঘোষিত শীর্ষ সন্ত্রাসী ধরপাকড়ে অভিযান চালানো শুরু হয়। অভিযানের প্রথম দিনে ২৩শ‘র বেশি অপরাধীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। এভাবে টানা অভিযান চালিয়ে মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, ২৯ হাজার ৪৮২ জনকে গ্রেফতার করা হয়। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, বিশেষ অভিযানের ফলে আসামিরা পরিকল্পনা করার সময় সুযোগ না পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে থাকে। পুলিশ তাদের পিছু নেয়। ফলে অপরাধ ঘটানোর চেয়ে আসামিরা আত্মরক্ষায় ও গ্রেফতার এড়াতে ব্যস্ত থাকে। যার কারণে অপরাধ কমে যায়। পুলিশি তৎপরতা ও আন্তরিকতা থাকলে আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সফল হয়।
এই অভিযানে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানার আসামির সংখ্যা সবচেয়ে বেশি। ২০ হাজার ৮৪৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি এত কম সময় গ্রেফতার খুব কমই হয়।
অভিযান চলাকালে অস্ত্র উদ্ধার সংক্রান্ত মামলা ৭২টি, বিস্ফোরক উদ্ধার সংক্রান্ত মামলা ১৫টি। বিস্ফোরকের মামলায় ৩৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্র মতে, বিশেষ অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সূত্র মতে, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির মামলার আসামি ছাড়াও পুলিশের বিশেষ অভিযান চলাকালে পাবনা ও চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জেএমবির জঙ্গি সদস্য গ্রেফতার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ৯ জঙ্গি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার নানা পরিকল্পনার কথা স্বীকার করেছে। জঙ্গিদের দেয়া তথ্য মতে, পুলিশের বিশেষ টিম পলাতক জঙ্গিদেরকে গ্রেফতারে তৎপর রয়েছে। জঙ্গি ধরপাকড় অভিযানে অনেক ক্লু উদ্ঘাটন হয়েছে। তাদের নাশকতার টার্গেট ব্যর্থ হয়েছে। জঙ্গিরা ঢাকা ও পাবনায় কিভাবে গোপন আস্তানা করে অবস্থান নিয়ে হামলা চালাত তারও রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
এই দিকে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অপরাধীদের কাছে দেশি-বিদেশি ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের সংখ্যা বাড়ছে।
সহজে এক স্থান থেকে অন্যস্থানে বহন করা যায় এমন অত্যাধুনিক অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে বেশি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা ক্যাডারা কিলার গ্রুপের কাছে অস্ত্র ভাড়া দেয়। মাঝে মধ্যে কিছু উদ্ধার হলেও নেপথ্যে থাকা ক্যাডারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অস্ত্র বহন করে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে অপরাধ ঘটানো সহজ। অভিয়ানের কারণে অস্ত্র বহন করে নেয়া বন্ধ হয়ে যায়। এতে অপরাধ অনেক কমে যাবে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, চিহ্নিত প্রভাবশালী অনেক ক্যাডার অস্ত্র নিয়ে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ব্যবসায়ীদেরকে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায় করছে। অনেক পাড়া মহল্লায় উঠতি সন্ত্রাসীরা অস্ত্র বহন করে আধিপত্য বিস্তার করছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলে অপরাধ আরও কমবে।
এই নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অস্ত্রধারীদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চলছে। কাউকে ছাড় দেয়া হবে না। এই লক্ষ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

 

আমাদের সময়.কম