শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চালকের আসনে বসা সহকারী ঘুমে, ট্রাক উল্টে নিহত ৭ , রংপুরে বাস খাদে পড়ে দুইজন নিহত

news-image

চট্টগ্রামের মিরসরাইয়ে চালবোঝাই ট্রাক উল্টে বস্তার নিচে চাপা পড়ে নিহত হয়েছেন সাতজন শ্রমজীবী। আহত হয়েছেন আরো চারজন। তাঁদের মধ্যে ছয়জনের বাড়ি নওগাঁয়। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় (নাছির হোটেল) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নওগাঁ থেকে চট্টগ্রাম নগরে যাওয়ার জন্য যাত্রী হিসেবে ট্রাকে উঠেছিলেন। আহত ব্যক্তিরা বলেন, চালক ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি চালাচ্ছিলেন তাঁর সহকারী। তিনিও ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন। একপর্যায়ে ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নিহতদের মধ্যে রয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত রিয়াজ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (২৬), নূর হোসেন মোল্লার ছেলে আব্বাস হোসেন মোল্লা (৩২), জিয়ারুল হক প্রামাণিকের ছেলে রুবেল হোসেন (২৫), মৃত অফির উদ্দিন মণ্ডলের ছেলে কামাল মণ্ডল (৪৫), সাদেক হোসেনের ছেলে টিপু (৪২), উত্তরবিল গ্রামের আয়ুব উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৪৫) ও বগুড়ার আদমদীঘি এলাকার আনসার আলীর ছেলে আজাদ (৪০)।

আহতরা হলেন শাহ আলম, এলাহী, লাভলু ও সাইফুল ইসলাম। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।

আহত শাহ আলমের বরাত দিয়ে মিরসরাই উপজেলার একজন সাংবাদিক জানান, নওগাঁ থেকে তাঁরা ১১ জন চট্টগ্রাম নগরে যাওয়ার জন্য গত রবিবার দুপুর দেড়টায় চালবোঝাই ট্রাকটিতে (ঢাকা মেট্রো ট ১৬-৯৬৪০) ওঠেন। তাঁদের মধ্যে একজন চালকের পাশে বসেন। বাকিরা পেছনে চালের বস্তার ওপর ছিলেন। রাতে ফেনীর মহিপাল পার হওয়ার পর চালক তাঁর সহকারীকে গাড়ি চালানোর জন্য দায়িত্ব দেন। সোনাপাহাড় এলাকায় পৌঁছলে সহকারী ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে চালের বস্তার নিচে চাপা পড়ে ওই সাতজন মারা যান। মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। লাশগুলো ময়নাতদন্ত না করতে স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। অনুমতি পাওয়া গেলে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ফরিদ। বান্দাইখাড়া গ্রামে মাতম : নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে চলছে মাতম। মিরসরাইয়ে ট্রাক উল্টে নিহত সাতজনের মধ্যে পাঁচজনের বাড়ি এই গ্রামে। তাঁদের মৃত্যুর খবর শোনার পর আত্মীয় ও পাড়া-প্রতিবেশী সবাই ছুটে আসে। স্বজনদের আহাজারিতে গোটা গ্রামে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। নওগাঁর জেলা প্রশাসন নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে। গ্রামবাসী জানায়, নিহত এই পাঁচজন চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসেছিলেন। রবিবার তাঁরা চট্টগ্রামে ফেরার জন্য ওই ট্রাকে ওঠেন। নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, লাশ পৌঁছলে দুর্ঘটনায় নিহত এই পাঁচজনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

 
রংপুরে বাস খাদে পড়ে দুইজন নিহত 
 

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় ওভারটেকিং করতে গিয়ে বি আরটিসি বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন।
সোমবার  রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন-কিয়ামুল হক রাজু (৪০) ও সৌরভ কুমার (৪৮)। 
accd

রংপুর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া ও তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা বি আরটিসি বাস (নং বগুড়া-ব -১১-০০৩৯) দিনাজপুর যাওয়ার পথে জিগাতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে বাসটি খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই কিয়ামুল হক রাজু নিহত হন। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রসুলপুর গ্রামের মাজহারুল হকের ছেলে।