শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৫ ধর্ষণ, বিচার পেয়েছেন পাঁচজন

news-image

রূপগঞ্জে গত ছয় বছরের যৌন নির্যাতনের চিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত ছয় বছরে ১০৫ জনকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে মাত্র পাঁচজনের বিচারকাজ শেষ হয়েছে। অন্যদের অনেকে আপস করেছেন। কেউ কেউ অভিযুক্তদের হুমকিতে এলাকায় থাকতে পারছেন না। যৌন নির্যাতনের মতো সংবেদনশীল অপরাধের বিচার আরো দ্রুত করার দাবি জানিয়েছেন নির্যাতিতরা।dorshon-8

রূপগঞ্জ থানা পুলিশের তথ্য মতে, বিগত ২০১০ সালে ১৬, ২০১১ সালে ২৫, ২০১২ সালে ১৩, ২০১৩ সালে ১৬, ২০১৪ সালে ১৬ এবং চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের পর চারজনকে হত্যা করা হয়েছে। অধিকাংশ নির্যাতিত বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ বিচারের আশা ছেড়ে দিয়ে এলাকায় ফিরে গেছেন। আবার অনেক ঘটনা থানাকে জানানো হয়নি। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও মাতবররা বিচার-সালিসে নিষ্পত্তি করেছেন।

এক নারী মানবাধিকারকর্মী জানান, ব্যবসায় বাধা দেওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি মাদক ব্যবসায়ীরা তাঁকে যৌন নির্যাতন করে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অন্যতম আসামি ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। জীবনের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। নির্যাতনের ভিডিওচিত্র থাকায় তিনি লোকলজ্জার ভয়ে বোরকা পরে ঘুরে বেড়ান। চৌদ্দ বছর বয়সী এক কিশোরী জামদানি শিল্পী জানায়, সংসারের বোঝা টানতে প্রতিদিন তাকে ছুটতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলে কাজ। কাজ শেষে বাসায় ফেরে। গত ২৬ জানুয়ারি কাজ শেষে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষ করে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা চার যুবক তাকে তুলে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে নির্যাতন চালায়। এটি এখন বিচারাধীন।

স্থানীয় সূত্র জানায়, গত ২০০২ সালের মার্চে তিন যুবক নির্যাতন শেষে মেয়েটিকে হত্যা করে। এ মামলাটি সাক্ষীর অভাবে নিষ্পত্তি হয়ে গেছে।

অনুসন্ধানে জানা যায়, চলতি বছর ১২ জানুয়ারি লিথুন গার্মেন্ট, ২৫ জানুয়ারি মৈকুলি, ২৭ ফেব্রুয়ারি বরপা, ২৫ জুলাই মৈকুলি, ৩ আগস্ট গোলাকান্দাইল, ৯ আগস্ট রূপসী ও পবনকুল, ১৯ আগস্ট নবারুণ জুট মিলের পাশে, ২৫ আগস্ট তারাবো বিশ্বরোড, ১ সেপ্টেম্বর বাড়িয়াছনি, ১৬ সেপ্টেম্বর বিরাবো, ২৩ সেপ্টেম্বর মোগরাকুল, ২৬ সেপ্টেম্বর গোলাকান্দাইল এবং গত ৩০ সেপ্টেম্বর সকালে পাচাইখাঁসহ ১৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মুঠোফোনে কথা হয় নির্যাতিত মানবিধকারকর্মীর সঙ্গে। অনেকটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, 'ধর্ষণের যদি ঠিকমতো বিচার হতো, তাহলে এত ঘটনা ঘটত না। মাদক বিক্রির প্রতিবাদ করায় ব্যবসায়ীরা আমাকে নির্যাতন করেছে। এদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রধান আসামি ঘুরে বেড়াচ্ছে। সে উল্টো মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে।'

নির্যাতিত এক মেয়ের মা বলেন, 'বাবা, আমার মাইয়ারে হেরা মাইরা ফালানের হুমকি দিতাছে। তারা কয়, কেস না তুললে এলাকাছাড়া করবো। আমরা অহন ওগো ডরে এলাকার বাইরে থাহি।' দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, 'নারীদের প্রতিরোধ গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দরকার। বাড়ানো দরকার সচেতনতা।'

নারায়ণগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রুবেল বলেন, 'নারী নির্যাতনের আইন শক্ত। কিন্তু মামলা হলেও এজাহার দুর্বল থাকে, যার কারণে আসামিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়।' উপজেলা নারীনেত্রী রায়হানা সুলতানা কণা বলেন, 'রূপগঞ্জে নারী নির্যাতন মারাত্মক হারে বেড়েছে। ধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে হয়রানির ঘটনা ঘটছে অহরহ। পর্নোগ্রাফির অবাধ ছড়াছড়ি ও হিন্দি সিরিয়ালের প্রভাবও অনেকটা দায়ী নারী নির্যাতনের। এ ছাড়া স্টার জলসা ও জি-বাংলার একটা প্রভাব রয়েছে।'

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার বলেন, 'যৌন নির্যাতন অনেক ঘটে। চক্ষুলজ্জার ভয়ে অনেকে স্থানীয় চেয়ারম্যানদের কাছে যায়। চেয়ারম্যানরা যদি অভিযুক্তদের ধরে পুলিশে দিতেন তাহলে এই অপরাধ কিছুটা কমতো।' তিনি আরো বলেন, 'যৌন নির্যাতনের অন্যতম কারণ মাদক। রূপগঞ্জে মাদকের ব্যবহার বেড়েছে। এর মধ্যে প্রধান ইয়াবা। এটা বন্ধ না হলে নারী নির্যাতন আরো বাড়বে।'

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, 'রূপগঞ্জ হচ্ছে শিল্পাঞ্চল এলাকা। পাশাপাশি বহিরাগত লোকজনের আনাগোনা বেশি। এলাকাবাসীর সামাজিক মূল্যবোধ কম। তাই নারী নির্যাতন ঘটছে। সেমিনার, সভা, সমাবেশ করে মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। তবে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন বলেন, 'নারী নির্যাতন বন্ধে সচেতনতামূলক কার্যক্রম করছি। যৌন নির্যাতনের কারণ বহিরাগত ও গার্মেন্ট শিল্প বেশি। অনেকে ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে চলে যায়।'