শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকা ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি পড়ে শোনানো হয়েছে, দুজনই স্বাভাবিক ছিলেন

news-image

মৃত্যু পরোয়ানার কপি, যা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের পড়ে শোনানো হয়
 
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। দুই আসামির আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন। দুপুরেই ট্রাইব্যুনালের বিশেষ বার্তাবাহক লাল খামে করে মৃত্যু পরোয়ানা নিয়ে যান ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কিছুক্ষণ পরই কারা কর্মকর্তারা গিয়ে মৃত্যু পরোয়ানা পড়ে শোনান আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে। অন্যদিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানা রাতে নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে। নিয়ম অনুযায়ী সেখানে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয় সাকা চৌধুরী নামে পরিচিত এই আসামিকে। ওই সময় তিনি নীরব ও স্বাভাবিক ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, মুজাহিদ চুপচাপ মৃত্যু পরোয়ানা শোনেন এবং পরে স্বাভাবিকভাবেই কথা বলেন কারা কর্মকর্তাদের সঙ্গে। দুজনকেই জানানো হয় পরবর্তী কার্যক্রম হিসেবে ১৫ দিনের মধ্যে তাঁরা সুপ্রিম কোর্টের অপিল বিভাগে রায় রিভিউর (পুনর্বিবেচনা) জন্য আবেদন করতে পারবেন।
i7jxPjdrsiMm


আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, মৃত্যু পরোয়ানা হাতে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ম অনুযায়ী তাঁদের পড়ে শোনানো হয়েছে। মুজাহিদ ও সাকা চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায় গত বুধবার বিকেলে প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে। সেই রাতেই রায়ের কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক গতকাল সাংবাদিকদের বলেন, ‘গতকাল (বুধবার) রাত ৮টার দিকে আমরা সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় দুটি পাই। (বৃহস্পতিবার) রায় দুটি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের তিন বিচারপতি মৃত্যু পরোয়ানা প্রস্তুত করে তাতে স্বাক্ষর করেন।’ ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির কারাফটকে সাংবাদিকদের বলেন, ‘আমরা দুটি মৃত্যু পরোয়ানা পেয়েছি। একটি পরোয়ানা মুজাহিদকে পড়ে শোনানো হয়েছে। অন্য পরোয়ানা কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।’
জানা যায়, মুজাহিদের মৃত্যু পরোয়ানা গতকাল বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেন ট্রাইব্যুনালের বিশেষ বার্তাবাহক। কিছুক্ষণ পর কারা কর্মকর্তারা সেটি নিয়ে যান মুজাহিদের কাছে। তাঁরা মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনান। কারা সূত্রে জানা যায়, মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর সময় তাঁকে স্বাভাবিক দেখা গেছে। তিনি রিভিউয়ের বিষয়ে পরে জানাবেন বলে জানিয়ে দেন কারা কর্মকর্তাদের। অন্যদিকে সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা গত রাতে কাশিমপুর এক নম্বর কারাগারে পৌঁছানো হয়। এরপর তাঁকেও একইভাবে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও জামায়াত নেতা মুজাহিদকে রাখা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আট সেলে। এই সেলের যে কক্ষটিতে কামারুজ্জামানকে রাখা হয়েছিল সেটিতে তাঁকেও রাখা হয়েছে। কক্ষটি ফাঁসির মঞ্চের কাছেই।


কারা সূত্র মতে, আপিলের রায় ঘোষণার আগের দিন ১৫ জুন তাঁকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রায়ের কপি কারাগার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। গতকাল সাকা চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাঁদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে দেখা করে আইনি পরামর্শ করেছেন বলে জানা গেছে।
গাজীপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু পরোয়ানা গত রাতে কারাগারে পৌঁছেছে। বিএনপির এই নেতা গাজীপুরে কাশিমপুর কারাগার পার্ট-১-এ বন্দি রয়েছেন। কাশিমপুর কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কারাগারে পৌঁছায়। রাত ৯টার দিকে সেলে গিয়ে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয় সাকা চৌধুরীকে। ওই সময় তিনি নীরব ও স্বাভাবিক ছিলেন। তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে রিভিউ আবেদন করবেন।