শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া আ. লীগে জামায়াত কর্মী!

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে এক জামায়াত কর্মী স্থান পাওয়ার অভিযোগ পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে বাদ দিতে গত মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের কাছে একটি লিখিত দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন অভিযোগটি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 
এদিকে ওই জামায়াত নেতা কমিটিতে স্থান পাওয়া নিয়ে দলে তোলপাড় চলছে। বিষয়টি আইনমন্ত্রীকে (কসবা-আখাউড়া সংসদ সদস্য) জানানোর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রয়োজনে দল থেকে অনেকে পদত্যাগ করতে পারেন বলেও আভাস পাওয়া গেছে।    
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেওয়া মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের ১২৮ জন স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. আবু তাহের খান জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক। এছাড়া আওয়ামী লীগের কমিটিতে মনিয়ন্দের এক গ্রাম থেকে তিনজন ও এক বাড়ি থেকে দু’জনকে স্থান দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের কমিটির গঠনের সময় নিয়ম অনুযায়ি ইউনিয়ন আওয়ামী লীগের মতামত উপেক্ষা করা হয়।
নেতা-কর্মীরা জানান, গত জুলাই মাসে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি জেলা থেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় জানানো হয়। ওই সভায় অন্যদের সঙ্গে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক আবু তাহের খানকে সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর পর থেকেই শুরু হয় কানাঘুষা। 
অভিযোগ উঠে, উপজেলা আওয়ামী শীর্ষস্থান পাওয়া এক নেতার সঙ্গে সখ্যতার কারণেই আবু তাহের দলে স্থান করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশুনাকালে তিনি জামায়ত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অনেকে অভিযোগ করেন।
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান, আবু তাহের খান ছাত্র জীবনে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তিনি কখনোই আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যোগ দেন নি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, আবু তাহের খান অতীতে কোনো দিনই আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। জেলা কমিটির কাছে দেওয়া অভিযোগের অনুলিপি হাতে পেয়েছি।
অবশ্য অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের খান বলেন, ‘আমার বিরুদ্ধে বদনাম ছড়ানো হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান না পেয়ে কেউ কেউ এ ধরণের মিথ্যা অভিযোগ করছেন। আমি জামায়াত-শিবির করে থাকলে তারা প্রমান দেখাক।    
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন। জেলা আওয়ামী লীগের পরবর্তী সভায় বিষয়টি উত্থাপন করা হবে।