দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের
অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অংশ।
শুক্রবার (১৬ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্য ধারণ করে আসছে। এ দেশে এক ধর্মের উৎসবে অন্য ধর্মের মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আশা প্রকাশ করেন, দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশে দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন জি এম কাদের।











