শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, “শিক্ষাক্ষেত্রে আমরা কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। শুধু সার্টিফিকেটধারী শিক্ষার্থী নয়, আমরা চাই গুণগত ও মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম।”
তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। একটি জাতি যত বেশি শিক্ষিত ও দক্ষ হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুলে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হচ্ছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবায়নে বিদ্যালয়টির চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। নতুন ভবন চালু হওয়ায় বিদ্যালয়টির শ্রেণিকক্ষের সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও উপযোগী পরিবেশে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ মহীন, সমাজসেবক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্রদল নেতা অন্তত হিরা এবং বিদ্যালয়ের সভাপতি ছদর উদ্দিন মানিক।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











