নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ
অনলাইন ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, হামলা বা ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ থামানো যাবে না।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় একটি মাজারের ভেতরে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ নিয়ে পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। একজন রাজনৈতিক নেতাকে নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এমন আচরণের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ভয়ভীতি, হামলা কিংবা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের রাজনৈতিক বক্তব্য ও কণ্ঠ রোধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।











