জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানের গ্রেপ্তার: পরওয়ার
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণে ক্ষোভ থেকেই বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রবীণ নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলার অধিকার রাখেন। তবে বিমানবন্দরের একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, আখতারুজ্জামানের গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ ঘটেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সক্রিয় থাকলেও বিএনপির নেতাদের রাজপথের কর্মসূচিতে অনুপস্থিতি দেখা গেছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে একটি বার্তা দিচ্ছে।
সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিমও বক্তব্য দেন।
পরে আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।











