শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সভায় নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য দেন ও অংশ নেন।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া চর্চার সুযোগ সম্প্রসারণসহ শিক্ষার্থীদের সার্বিক বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও খেলাধুলার সুযোগ বাড়ানো হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।











