নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা ও জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’–এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন। প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
মোটিভেশনাল আলোচনায় মোহাম্মদ হোসেন শান্তি ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসা পরিচালনা ও উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন। কর্মজীবনে সফলতা অর্জনে আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা, যোগাযোগ দক্ষতা ও পরিকল্পিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি।
প্রশিক্ষণে অংশ নেওয়া প্রান্তিক পেশাজীবীদের নিজেদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় দেশের ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির সুযোগ দেওয়া হচ্ছে।
এ ছাড়া আর্থিক অনুদানের মাধ্যমে এসব জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই জীবনমান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থাও চালু করা হয়েছে।











