নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের ভোরের বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলায় গুরুতর আহত মো. ইকবাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবিদ্বারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোরের বাজার এলাকায় হামলার শিকার হন ইকবাল। তিনি খাগাতুয়া উত্তরপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ইকবালের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাঞ্ছারামপুরে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, একই গ্রামের আলম, হালিম ও সাদ্দাম এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “আমরা অন্য একটি কাজে বিদ্যাকুটে অবস্থান করছি। আমরাও একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
ইকবালের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।











