নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলার (৩৫) কে গ্রেপ্তার করেছে নবীনগর পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এ বি এম রাশেদুল হাসান ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছাত্রলীগ নেতা ডলারকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত এ বি এম রাশেদুল হাসান ডলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











