বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ইউপি নির্বাচন : ভিক্ষুক প্রার্থী ফরিদ মিয়া এখন হাত পাতেন ভোটের জন্য

news-image

আমিরজাদা চৌধুরী : আগে হাত পাততেন। এখনো পাতেন। বদলায়নি ধরণ, ‘আল্লার হস্তে যদি…’। বদলেছে চাওয়া, টাকার বদলে ভোট। আগে অনেকেই মুখ ফিরিয়ে নিয়ে বলতেন, ‘মাফ করো’। আর এখন কেউ কেউ কটু কথা বললেও বিদায় বেলায় বলে দেন, ‘দোয়া করি’।
ভিক্ষুক মো. ফরিদ মিয়া ভোটে প্রার্থী হয়েছেন। ব্রহ্মণবাড়িয়ার আখাউড়া ধরখার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচনে প্রার্থী তিনি। মার্কা টর্চ লাইট। টাকা-পয়সা ভিক্ষার বদলে এখন ভোট ভিক্ষা চেয়ে তিনি ছুটে বেড়ান দিন রাত।
ফরিদ মিয়ার প্রার্থী হওয়া নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গত মঙ্গলবার দুপুরে ধরখার গ্রামে গেলে এর প্রমাণও মেলে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এ নিয়ে বেশ তর্ক জমিয়ে দেন দুই যুবক। ফরিদ মিয়ার পক্ষ নিয়ে ধরখার গ্রামের মো. কালন নামে যুবক বলছিলেন, ‘চোর চোট্টারা প্রার্থী অইত পারলে এই বেডার (ফরিদ মিয়া) দোষ কি?’ পাশ্ববর্তী রানীখার গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মামুন বলে উঠেন, ‘এতে তো গ্রামেরই ইজ্জত গেছে।’
আগামী ২৫ আগস্ট মঙ্গলবার ধরখার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ছয়জন প্রার্থী এ পদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটের সংখ্যা প্রায় তিন হাজার তিনশ’। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারণায় নেমে পড়েছেন। মো. জিয়া উদ্দিন নামে এক সদস্য মৃত্যুবরণ করলে ওই পদটি খালি হয়।
মঙ্গলবার সাত সকালেই গায়ে পাঞ্জাবি জড়িয়ে ফরিদ মিয়া ভোট চাইতে বেরিয়ে পড়েছেন বলে জানালেন তার স্ত্রী নার্গিস আক্তার। প্রায় ঘন্টা দু’য়েক গ্রামের এমাথা ওমাথা ঘুরেও ফরিদ মিয়ার দেখা মেলেনি। গ্রামের একদিকে গেলে খবর পাওয়া যায় তিনি আরেক দিকে প্রচারণা চালাচ্ছেন। ছোটখাট মিছিলও হয়েছে ফরিদ মিয়ার পক্ষে। নিজের প্রতীক টর্চ লাইট হাতে নিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি।  
বেলা সাড়ে পাঁচটায় মো. দেলোয়ার হোসেন দেলু নামে ধরখারের এক ব্যবসায়ির মোবাইল ফোনে কথা হয় ফরিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গ্রামের একটা রাস্তার লাইগ্যা চেয়ারম্যানের কাছে গেছি। আমারে কইছে মেম্বারের কাছে যাও। মেম্বারের কাছে গেলে পাত্তা দেয় না। এই জিদ্দে বোডে দাড়াইছি। পাস কইরা হগলের আগে ওই রাস্তাডা আর প্রাইমারি ইস্কুল মাডে মাডি ফালানের কামডা করুম’।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাস করলে আগের কাম (ভিক্ষা) ছাইড়া দিমু। আল্লা যেইভাবেই হোক চলনের একটা ব্যবস্থা করব’। দুই ছেলে বেকারি শ্রমিকের কাজ করে কিছু টাকা আয় করে বলে দাবি করেন ফরিদ মিয়া।    
ধরখার গ্রামের বৃদ্ধ মো.ফজলুল হক মিয়া (৬৫) বলেন, ‘ফরিদ মিয়া ছোট বেলা থেকেই ভিক্ষা করে। ঈদেও সময় বাড়ি বাড়ি গিয়ে ফিতরা তুলে। এখন সে ইলেকশনে প্রার্থী হয়েছে। ভোট চেয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। দেখা যাক ইলেকশনে কি হয়’।  
নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদ মিয়ার একাধিক প্রতিবেশি ও গ্রামের মানুষ বলেন, ‘তিন ছেলে ও তিন মেয়েসহ আটজনের পরিবার তার। স্ত্রী সরকারি প্রকল্পে মাটি কাটার কাজ করে। নির্বাচনে পাস করুক আর ফেল করুক ফরিদ মিয়া সংসার চালাতে গিয়ে বেকায়দায় পড়ে যাবে। কেননা, কেউ আর তাকে ভিক্ষা দিতে চাইবে না। স্ত্রীকে দিয়েও কেউ কাজ করাতে চাইবে না। কিছু মানুষের ইন্দনে সে প্রার্থী হয়েছে’।
অবশ্য ভিন্নমত পোষণ করলেন ধরখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম মনো। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘সে পাস করুক আর ফেল করুক সংসার চালাতে কোনো সমস্যা হবে না। তাকে একটি কাজের ব্যবস্থা করে দেব যাতে মানুষের কাছে আর হাত না পাততে হয়। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব বলেছি। এছাড়া এখন তো তার ছেলেরাও রোজগার করতে শুরু করেছে। গরিবের প্রতি আল্লাহও সহায় আছে। আশা করছি নির্বাচনে তার ফল ভালো হবে। এ উসিলায় একজন ভিক্ষুকের হাতও কমে যাবে’।
নিজের বাড়ির সামনে একটি দোকানে বসে থাকা অবস্থায় কথা হয় আরেক প্রার্থী মো. হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটে দাঁড়ানোর অধিকার সবার আছে’। ফরিদ মিয়ার প্রার্থী হওয়া নিয়ে তেমন কিছুই ভাবছেন না বলে জানান তিনি।                                          
ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাফিকুল ইসলাম বলেন, ‘একজন নাগরিক হিসেবে যে কারোরই ভোটে দাঁড়ানোর অধিকার আছে। জনগণ যাকে ভোট দিয়ে পরিষদে পাঠায় তাঁর সঙ্গেই আমার কাজ করতে হবে। ফরিদ মিয়ার প্রার্থী হওয়া নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা থাকলেও এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনা’।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে