ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদের বাবা; মৃত্যুর আগে বিচার দেখে যেতে চাই
স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় গতকাল বৃহস্পতিবার। এদিন গুলি করে ছেলেকে হত্যার দায়ে ট্রাইব্যুনালে এসে আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, মৃত্যুর আগে বিচার দেখে যেতে চাই।
এর আগে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় মকবুল হোসেন আদালতকে জানান, তার ছেলে সাঈদ মেধাবী ছিলেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পান। আর এসএসসিতে পান গোল্ডেন এ প্লাস। পরে ভর্তি হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগে। তিনি আরও জানান, ২০২৪ সালের ১৬ জুলাই মাঠে থেকে কাজ করে বাড়ি এসে জানতে পারেন ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। পরে শুনেন আবু সাঈদ মারা গেছেন। ছেলের মৃত্যুর খবর এটা শুনে মাথায় তার আকাশ ভেঙে পড়ে বলেও জানান তিনি। এরপর হাসাপাতালে পাঠান দুই ছেলে ও দুই মেয়ের জামাইকে। প্রথমে তাদের পুলিশ সাঈদের লাশ দেখতে দেয় না।
সাঈদের বাবা বলেন, রাত ৩টায় লাশ বাড়িতে আনি। প্রশাসন রাতেই দাফন করতে বলে। রাজি হইনি। পরদিন দুই জানাজা শেষে বাড়ির কবরস্থানে দাফন করি। তিনি আরও বলেন, ছেলের লাশটা একবার দেখি। মাথার পেছন দিয়ে রক্ত। পুরা বুকটা গুলিতে ঝাঁঝরা, রক্ত দিয়ে মাখা। শুনেছি আমির আলী ও সুজন গুলি করছে। এর কয়েকদিন আগে ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া আবু সাঈদের গলা চেপে ধরে তাকে থাপ্পড় মেরেছিল।
আবু সাঈদকে যারা নির্মমভাবে শহীদ করেছে ট্র্যাইব্যুনালের কাছে তাদের কঠোর বিচার চেয়ে মকবুল হোসেন জবানবন্দিতে বলেন, আমি মানুষের কাছে বলতাম, জীবিত থাকতে যেন ছেলের চাকরি করা দেখে যেতে পারি। এখন আমি চাই, আমি জীবিত থাকতে যেন আমার ছেলের হত্যার বিচার দেখে যেতে পারি।
গতকাল এই মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, বাংলা পঞ্জিকায় দিনটি ছিল আষাঢ়ের শেষ দিন। একদিন পরই শুরু হয় শ্রাবণ। সেদিন সকালে রংপুরের আকাশে ঝরছিল বৃষ্টি। কিন্তু সব উপেক্ষা করে ‘কোটা না মেধা, মেধা মেধা’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে উত্তরের শহর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের ১৬ জুলাই বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নেন বেরোবি’র শিক্ষার্থীসহ স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা, যা ছিল তারুণ্যের দ্রোহযাত্রা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। নগরীর লালবাগ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল এগিয়ে এলে, শিক্ষার্থীদের বাধা দেয় অসংখ্য সশস্ত্র পুলিশ। তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তিনি আরও বলেন, এ ছাড়া এই মামলার পাঁচ নম্বর আসামি মো. আরিফুজ্জামান ওরফে জীবনের নেতৃত্বে পাঁচ জন পুলিশ সদস্য স্টিল ও কাঠের লাঠি দিয়ে আবু সাঈদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা থেকে রক্ত বের হয়।
চিফ প্রসিকিউটর তার সূচনা বক্তব্যে বলেন, ওই দিন আষাঢ়ের বাদল কিংবা মেঘ না থাকলেও, বৃষ্টি ঝরেছিল। সে বৃষ্টি গুলির। তাই বৃষ্টিতে পানি না ঝরলেও ঝরেছিল নিরপরাধ ছাত্র-জনতার রক্ত। সেখানেই জুলাই বিপ্লবের সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল শহীদ আবু সাঈদ। পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েও দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে তিনি যেন বলতে চেয়েছিলেন, এভাবে মানুষ মারা চলবে না। কিন্তু সাধারণ ছাত্রদের বাঁচাতে চাইলেন যিনি, ঠিক তার বুকেই তাক করা হলো বন্দুকের নল। ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা ১৭ মিনিট। ঠিক তখনই গর্জে ওঠে মামলার আট নম্বর আসামি পুলিশের সাবেক এএসআই মো. আমির হোসেনের রাইফেল। যে অস্ত্র কেনা হয়েছিল আবু সাঈদের ট্যাক্সের টাকায়, শত্রুর বিরুদ্ধে ব্যাবহারের জন্য। সে অস্ত্রই বিদ্ধ করল আবু সাঈদকে। প্রথম গুলিটি যখন আবু সাঈদের পেটে লাগে, তখন তিনি হতবাক হয়ে যান। আবার বুক প্রসারিত করে দাঁড়িয়ে যান। তখনই তাকে পরপর দুই রাউন্ড গুলি করেন ৯ নম্বর আসামি সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। এরপর রাস্তার ডিভাইডার পার হয়ে বসে পড়েন আবু সাঈদ। একজন সহযোদ্ধা তাকে মাটি থেকে তোলার জন্য ধরতে গেলে আবার সে পড়ে যান। আবু সাঈদকে নেয়ার সময় তাদের লক্ষ্য করে আবার গুলি চালায় পুলিশ। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওহিদুর হক সিয়ামের শরীরের বাঁ দিকটি ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রায় ৬০টি ছররা গুলি তার মাথা, মুখ-হাত, বাহু, পেট, কোমর ও পায়ের বাঁ দিকে বিদ্ধ হয়। আবু সাঈদকে নিয়ে আন্দোলনরত ছাত্ররা রিকশায় করে রওনা দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে। হাসপাতালে নেয়ার পথে তিনি সহযোদ্ধাদের বাহুডোরেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের কাছে এরকম মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার চান।
এর আগে, গত ৩০ জুলাই প্রসিকিউসনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলায় অভিযোগ গঠনের প্রার্থনা করেন। অন্যদিকে, আসামী পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হয়। এরপর গত ৬ আগস্ট ট্র্যাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন। মামলাটিতে যে ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়, তাদের মধ্যে গ্রেপ্তারকৃত ৬ জন গতকাল ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেলো বছর আন্দোলন যখন সারাদেশে ছড়িয়ে পড়েছিলো, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে, সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকান্ডের প্রতিবাদেই সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন।











