নবীনগরে নারীকে গণধর্ষণের অভিযোগে আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের : মহিলাকে প্রাণনাশের হুমকি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত নবীনগর থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক বিধবা নারীকে গণধর্ষণের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ রয়েছে মামলা দায়ের পর থেকেই তাকে প্রাণনাশের হুমকি, সামাজিকভাবে হেয় করার চেষ্টা এবং বিকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে। নারীকে মামলা তুলে নিতে হুমকি ও তাকে ও তার ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ এপ্রিল রাতে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা নয়া পাড়ায় একা থাকার সুযোগে মুসা মিয়া, কামাল মিয়া ও হৃদয় মিয়া নামক তিন যুবক ওই বিধবা নারীকে গণধর্ষণ করে। নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ধর্ষিত বিধবা নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ধর্ষিত বিধবা গত ১০ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত নবীনগর থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।
এদিকে, অভিযুক্ত মুসা মিয়ার পরিবারের উদ্যোগে মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য ‘মানববন্ধন’ করা হয়, যেখানে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আদালতের নির্দেশনায় মামলা তদন্তাধীন আছে । তদন্ত শেষে মহামান্য আদালতে আমরা রিপোর্ট পেশ করব। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











