শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার পাহাড়ে ২০ হাজার মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস

news-image

ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে মানুষের সংখ্যা কমছে না বরং বেড়েই চলছে। উখিয়ার বিভিন্ন পাহাড়ের উপরে, ঢালুতে ও নিচে অনিশ্চিত জীবন নিয়ে বসবাস করছে প্রায় ২০ হাজার হতদরিদ্র মানুষ। বিগত সময়ে পাহাড় ধসে প্রায় ১৫ নারী, পুরুষ, শিশু প্রাণ হারালেও টনক নড়েনি কারো। পাহাড়ে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ না করায় প্রতি বর্ষা মৌসুমে অকাল মৃত্যুর ঘটনা ঘটছে। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকার পাহাড়গুলোর ঝুঁকির মাত্রা নির্ধারণ করেছে। তাতে দেখা গেছে, এ দুই এলাকার পাহাড়গুলোর ৭৫ শতাংশই বালু মিশ্রিত। সেখানে বসতি তো দূরের কথা, কোন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত নয়। কিন্তু এসব পাহাড়ের জমিজমাগুলো সরকারি হওয়ার সুবাদে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা উপজাতি, স্থানীয় হতদরিদ্র পরিবারের প্রায় ২০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও সংশোধিত ২০১০ এর ৪ ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলীয় অথবা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। এ আইনে পাহাড় কাটার অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এ পর্যন্তও কাউকে জরিমানা বা শাস্তির আওতায় আনা হয়নি। যে কারণে উখিয়ায় পাহাড় দখল, কর্তন, স্থাপনা তৈরি ও অবৈধ বসবাস অব্যাহত রয়েছে। 
১৯৮৭ সালে তত্কালীন সরকার লট নিলাম প্রথা বন্ধ করে দেয়ার পর থেকে উখিয়া সংরক্ষিত ও রক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল প্রবণতা  শুরু হয়। একশ্রেণির প্রভাবশালী বনভূমি দখল করে মোটা অংকের টাকার বিনিময়ে হাত বদল করার ধারাবাহিকতায় এখানকার বনাঞ্চলের পাহাড় টিলায় অবৈধ বসতি স্থাপন বৃদ্ধি পায়। পাশাপাশি ২০০৫ সালে বৃহত্তর ইনানী উপকূলীয় এলাকায় এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করলে রাতারাতি এখানকার জমির দাম আশংকাজনকভাবে বেড়ে যায়। এমতাবস্থায় উপকূলে বসবাসরত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন বসতভিটা সর্বস্ব পরিবারগুলো তাদের সহায়-সম্বল মোটা অংকের টাকায় বিক্রি করে ইনানীর সরকারি বনাঞ্চলের পাহাড়ে অবৈধ বসতি গড়ে তোলে। গত ৭ বছরে ইনানীর পাহাড় দখল করে প্রায় ১০ হাজারেরও অধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে দাবি করেন মনখালী বন রক্ষা সহায়ক কমিটির সভাপতি নুরুল আবছার। 
উখিয়া ও ইনানী বন রেঞ্জের আওতায় মনখালী, ছেপটখালী, জুম্মা পাড়া, মোঃ শফির বিল, ইনানী জুমের ছড়া, সোনাই ছড়ি, পাইন্যাশিয়া, তুতুরবিল, হরিণমারা, তেলখোলা, মোছারখোলা, হাতির ঘোনা, মধুর ছড়া, মাছকারিয়া, দোছড়ি, থিমছড়ি, তুলাতলী, সোনার ঘোনা, ডেইল পাড়া, ভালুকিয়া, তুলাতলী, চিকনঝিরি ও পাগলির বিলসহ প্রায় ২৮টি ছোট ছোট পাহাড় দখল করে মাটি কেটে শ্রেণি পরিবর্তনের ধারাবাহিকতায় লোকজন পাহাড়ের উপরে, ঢালুতে ও নিচে অবৈধভাবে বসবাস করছে। ২০১০ সালের ১৫ জুন প্রবল বর্ষণ পরবর্তী সৃষ্ট বন্যায় পালংখালী ইউনিয়নে থাইংখালী গ্রামে একই পরিবারের ৩ জন, রাজাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামে ১ জন ও ছেপটখালী গ্রামে ১ জনসহ ৫ জন নিহত ও অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু পাহাড় ধসে ঘর চাপা পড়ে আহত হয়েছিল। ২০১১ সালে জুন মাসে জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে পাহাড় ধসের ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হলেও এসব পরিবার স্থান পরিবর্তন করতে পারেনি। এমতাবস্থায় ভালুকিয়ার থিমছড়ি এলাকায় একই পরিবারের ৩ জনসহ ৭ জন নিহত হয়েছে। এ সময় শত শত ঘরবাড়ি পাহাড়ের নিচে চাপা পড়লেও এসব মানুষ এখনও অজানা আতংক নিয়ে একই এলাকায় বসবাস করছে। হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু জানান, এসব পরিবার নিঃস্ব, তাদের নিজস্ব কোন পৈতৃক সহায়-সম্পত্তি না থাকার কারণে বন বিভাগের জায়গায় আশ্রয় নিয়েছে। রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতায় মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে আশ্রয়ের আশা করে ঝুঁকিপূর্ণ জেনেও পাহাড়ের বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে। এভাবে পরবর্তীতে পাহাড় কেটে বসতি স্থাপনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে মৃত্যুর মিছিলে আরো অসংখ্য মানুষ যোগ হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করে এসব ছিন্নমূল পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবি জানান। উখিয়া ও ইনানীর রেঞ্জ কর্মকর্তা মির আহমদ জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা