কাউকে না পেয়ে নিজেই নায়ক
বিনোদন প্রতিবেদক : নিজের বেশির ভাগ নাটকে অভিনেতা ও পরিচালক—দুই ভূমিকাতেই থাকেন তিনি। এবার ব্যত্যয় ঘটাতে চাইছিলেন সালাহউদ্দিন লাভলু। ঠিক করেছিলেন ‘দ্য ডিরেক্টর’ নাটকটি শুধু পরিচালনাই করবেন, অভিনয় করবেন অন্য কেউ। কিন্তু এবারও তা হলো না। বাধ্য হয়ে আবারও তাঁকে ক্যামেরার সামনে দাঁড়াতে হলো।
নাটকের প্রধান চরিত্র একজন নির্মাতা। চরিত্রটির জন্য নির্মাতা সালাহউদ্দিন লাভলুর প্রথম পছন্দ ছিল আজাদ আবুল কালাম। কিন্তু টানা এক মাস শুটিং শিডিউলের জন্য তিনি রাজি হননি। পরে আফজাল হোসেন ও তৌকীর আহমেদকে চেয়েছিলেন। তাঁরাও ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি। শেষে মনের মতো কাউকে না পেয়ে নিজেই দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে।
সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নাটকটির গল্প, চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরে ভেবেছি। কিন্তু কখনোই ভাবিনি এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করব। গত বছর শুটিং করতে গিয়ে বিপাকে পড়লাম। একে তো ঢাকার বাইরে শুটিং, তার ওপর টানা শুটিং। কিন্তু অভিনেতারা ব্যস্ততায় টানা শুটিংয়ের শিডিউল দিতে পারেননি। পরে বিপাকে পড়েই চরিত্রটি করতে হয়েছে।’
‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘আলতা সুন্দরী’, ‘হাড় কিপটে’সহ একাধিক জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন তিনি। সেসব নাটকের বেশির ভাগই ছিল শতাধিক পর্বের ধারাবাহিক। ক্যারিয়ারে এবারই প্রথম ২৬ পর্বের এই ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এখন দেখা যায় কোনো নাটক চাইলেই ইচ্ছামতো পর্ব বাড়ানো হয়। সেখানে নির্মাতাদের কথামতো অভিনয়শিল্পীরা ইচ্ছেমতো সংলাপ বলে ফুটেজ বাড়ান। কিন্তু আমার নাটক যতই দর্শক পছন্দ করুক না কেন, আমি পূর্বপরিকল্পনামতোই শুটিং শেষ করি।’
দেখা যায়, অনেক অভিনয়শিল্পীই এক দিনে ২০টির বেশি দৃশ্যে অভিনয় করছেন, এসব নাটকের কোনো চিত্রনাট্য নেই। এভাবে অভিনয় করাটাকে কীভাবে দেখেন?
এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘প্রায় দুই দশক হতে চলল, আমাদের শিল্পীরা অভিনয়কে পেশা হিসেবে নিতে শুরু করেছেন। এখন তাঁরা যদি অভিনয় না করেন, তাহলে না খেয়ে থাকতে হবে। পরিবার চালাতে হিমশিম খেতে হবে। যে কারণে বাধ্য হয়ে অভিনয় চালিয়ে যেতে হচ্ছে। এসব অসুস্থ প্রতিযোগিতার কারণে দিন দিন টেলিভিশন নাটকের দর্শক কমছে। কিন্তু আমরা উল্টো দর্শকদের দোষ দিচ্ছি। তারা নাটক দেখছে না। কিন্তু নিজেদের দোষ দেখছি না। নাটক নির্মাণের পুরো পদ্ধতি পরিবর্তন না হলে সাংগঠনিকভাবে আমাদের কিছুর করার নেই।’
কাজী শাহিদুর ইসলামের রচনায় সপ্তাহে চার দিন রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচারিত হচ্ছে। নাটকে আরও অভিনয় করেছেন আহসান হাবিব, সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, মিষ্টি জাহান, জুনায়েদ। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে লাভলু জানান, ঈদের পর সম্প্রতি কাজে ফিরেছেন। সকাল আহমেদের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি নাটকে তাঁর সহশিল্পী অর্ষা। দুই বছর পর তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন।











