প্রতিভার ‘পাওয়ার হাউজ’ ছিলেন ঋষি কাপুর : মোদি
বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার ঋষি কাপুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঋষি কাপুরকে প্রতিভার ‘পাওয়ার হাউজ’ হিসেবে অভিহিত করেছেন। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় মোদি এ শোক প্রকাশ করেন।
টুইটে মোদি লিখেন, ‘ঋষি কাপুরজি বহুমুখী প্রতিভার অধিকারী, প্রাণবন্ত ও স্নেহময়ী ছিলেন। তিনি প্রতিভার পাওয়ার হাউজ ছিলেন। তিনি চলচ্চিত্র ও ভারতের উন্নতিতে আগ্রহী ছিলেন। তার মৃত্যুতে ক্ষুব্ধ। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সকালে বলিউড সুপারস্টার ঋষি কাপুর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
খবরে আরও বলা হয়, গতকাল বুধবার ঋষি কাপুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। ঋষি কাপুর তার স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরকে রেখে গেছেন।
বলিউডের শক্তিমান এই তারকা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিৎসা নিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন তিনি।
১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছরি মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ঋষি কাপুরের বলিউডে অভিষেক ঘটে। প্রথম ছবিতেই তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি ‘ববি’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে প্রথম কাজ করেনে যেখানে তার নায়িকা ছিলেন ডিম্পল কাপাডিয়া। এ পর্যন্ত মূল চরিত্রে ৯২টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘মেরা নাম জোকার’, ‘ববি’, ‘বেশরম, ‘দিওয়ানা’, ‘কাভি কাভি’ প্রভৃতি।











