করোনার কারণে পর্দা উঠেছে না কান চলচ্চিত্র উৎসবের
বিনোদন ডেস্ক : সারা দুনিয়ায় বহু অনুষ্ঠান, খেলা বাতিল করতে হয়েছে করোনা আক্রমণের জেরে। একদিকে যেমন করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্যে পিছিয়ে দিতে হল এবছরের অলিম্পিক, তেমনই পিছিয়ে দেওয়া হয়েছিল বিখ্যাত কান চলচ্চিত্র উত্সবও। আশা ছিল, পরিস্থিতির সামান্য উন্নতি হলে, গরমের শেষের দিকে আয়োজিত হবে এই উত্সব। তবে আপাতত সেই আশায় জল ঢেলে দিল কান কর্তৃপক্ষ।
আয়োজকদের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভাবা হয়েছিল, ৭৩তম কান চলচ্চিত্র উত্সৎব জুনের শেষে বা জুলাইয়ে শুরুতে আয়োজন করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার আর কোনও আশা নেই।’
কেননা ফরাসি সরকার সেদেশের লকডাউনের সময় মধ্য জুলাই পর্যন্ত বর্ধিত করেছে।
এর আগে এই চলচ্চিত্র উৎসবের সভাপতি পিয়েরে ল্যাসকিওর বলেছিলেন, ‘গোটা বিশ্বে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে ফ্রান্সে সেভাবে এই মারণ রোগ ছড়ালে অবিলম্বে কান চলচ্চিত্র উৎসব বাতিল করা হবে। আশা করছি, মার্চের শেষের দিক থেকে করোনার দাপট কমতে থাকবে আর এপ্রিলে গিয়ে তার প্রভাব অনেকটাই কমে যাবে। আর যদি তখনও না কমে, তাহলে পরিবর্তন করা হবে উৎসবের সময়সূচী।’
দক্ষিণ ফরাসি উপকূলবর্তী শহর কানে প্রতিবছর আয়োজন করা হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। সাত দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এই উৎবস। এবারের উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ১২ থেকে ২৩ মে পর্যন্ত।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কান চলচ্চিত্র উৎসব ছয় বছরের জন্য বন্ধ ছিল।











