করোনায় জীবনের ‘বিগবস’ শুরু হয়ে গেছে : সালমান
বিনোদন ডেস্ক : লকডাউনের মধ্যে পানভেলের বাগান বাড়িতে আটকে রয়েছেন সালমান খান। সেখানে দুই বোন, ভগ্নিপতি, তাদের সন্তান-সহ পরিবারের বেশ কয়েকজনকে নিয়ে বাগান বাড়িতেই দিন কাটছে সালমানের। লকডাউন চলছে। ফলে সেখান থেকে বেরিয়ে ব্যান্দ্রার অ্যাপার্টমেন্টে আসা এক কথায় অসম্ভব। সেই কারণে পরিবারের যে যেখানে রয়েছেন, সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান-রা।
অর্পিতা খান শর্মার ছেলে আহিলের জন্মদিনের পরই সালমান জানিয়ে দেন, তারা যেহেতু পানভেলের বাগান বাড়িতে রয়েছেন, তাই লকডাউন সম্পূর্ণ করে তবেই সেখান থেকে বের হবেন। লকডাউন ভেঙে কোনোভাবেই তারা নিজেদের বাড়িতে ফিরবেন না। ফলে বাগান বাড়িতে থাকলেও, বেশ কয়েকজনকে মাঝে মধ্যেই বেরোতে হচ্ছে গ্রাম থেকে খাবারদাবার আনার জন্য। পুলিশি টহলদারি বাড়ছে, ফলে সেখানে থেকেও খুব সাবধানে রেশনের জিনিস জোগাড় করতে হচ্ছে বলে জানান সালমান।
এক ভিডিও বার্তায় সালমান খান সবাইকে সতর্ক করে দেন। তিনি শুরুতেই বলেন, ‘টিভিতে নয়, জীবনের বিগবস অনুষ্ঠান শুরু হয়ে গেছে।’
সালমান স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনোভাবেই তারা লকডাউন ভাঙছেন না। তবে যারা সরকারের নির্দেশ না মেনে, লকডাউনের মধ্যে এদিক-ওদিক যাতায়াত করছেন, তারা ঠিক করছেন না। যে কোনো অসুখই চিন্তার বিষয়। বিশেষ করে যে সব অসুখের কোনো প্রতিষেধক এখনো বেরোয়নি। করোনা ভাইরাসের তাদের মধ্যে অন্যতম। ফলে দেশে যখন কঠিন পরিস্থিতি চলছে, সেই সময় প্রত্যেককে সরকারি নির্দেশ মেনে চলতে হবে। কোনোভাবেই সরকারি নির্দেশ অমান্য করা যাবে না বলে জানিয়ে দেন সালমান খান।











