ইঞ্জিনিয়ারিং ছেড়ে গান বেছে নেন ‘গেন্দা ফুল’-খ্যাত বাদশা
বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘গেন্দা ফুল’ গান-ভিডিও নিয়ে আলোচনা তোলা র্যাপার বাদশা ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গণিতের ছাত্র। সেই কোর্স সম্পূর্ণ না করে পড়তে যান সিভিল ইঞ্জিনিয়ারিং। সেখানেও একই কাণ্ড! তারপর আদিত্য প্রতীক সিং সিসৌদিয়া হয়ে গেলেন র্যাপার বাদশা।
১৯৮৫ সালের ১৯ নভেম্বর দিল্লিতে বাদশার জন্ম। স্কুলে পড়ার সময় থেকেই তার ঝোঁক গানবাজনার দিকে।
চণ্ডীগড়ের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় র্যাপের প্রতি আকর্ষণ জন্মায়। লিখতে শুরু করেন গান। যদিও পরে জানান, তিনি পারফরর্মার না হলে হয়তো আইএএস অফিসার হতেন।
গানের দুনিয়ায় আসার পর থেকেই তিনি ছদ্মনাম ব্যবহার করেন। প্রথমে ছদ্মনাম ছিল ‘কুল ইক্যুয়াল’। পরে তা পাল্টে করেন ‘বাদশা’। ২০০৬ সালে ক্যারিয়ার শুরু ইয়ো ইয়ো হানি সিং-এর সঙ্গে। তার দলেই গান করতেন সহ-গায়ক হিসেবে। ২০১২ সালে একক ক্যারিয়ারের জন্য দল ছাড়েন। সে বছরই প্রকাশ করেন হরিয়ানার লোকসঙ্গীত ‘কর গায়ি চুল’, পরে সেটি ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় ব্যবহৃত হয়।
এক সময় হানির সঙ্গে বাদশা জড়িয়ে পড়েন প্রকাশ্য বাকবিতণ্ডায়। এক সাক্ষাৎকারে বাদশাকে টাটা ন্যানোর মতো কমদামি গাড়ির সঙ্গে তুলনা করে হানি নিজেকে বলেছিলেন রোলস রয়েস। উত্তরে বাদশা বলেন, রাস্তায় রোলস রয়েসের থেকে টাটা ন্যানোই বেশি দেখা যায়। কারণ ওটাই বেশি জনপ্রিয়।
বিতর্ক সত্ত্বেও প্রথম সিঙ্গেল ‘ডিজে ওয়ালে বাবু’ মুক্তি পাওয়ার পরেই ভেঙে চুরমার করে দেন আগের সব রেকর্ড। ২০১৯ সালে বাদশার গান ‘পাগল’ ইউটিউবে মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ‘ভিউজ’ ছাপিয়ে যায় সাড়ে সাত কোটি। তবে অভিযোগ ওঠে- সবটা আসল নয়, এর মধ্যে নকল ইউজারও আছে।
হিন্দি সিনেমাতেও বাদশা ভীষণ জনপ্রিয়। হাম্পটি শর্মা কে দুলহানিয়া, খুবসুরত, বাজরঙ্গী ভাইজান, এবিসিডি টু, অল ইজ ওয়েল, সনম রে, বদ্রীনাথ কি দুলহানিয়া, সুলতান, দাবাং থ্রি, গুড নিউজ, স্ট্রিট ডান্সার থ্রি-সহ অনেক ছবিতে তার গান রয়েছে।
২০১৯ সালে ‘খানদানি শাফাখনা’ ছবিতে অভিনয় করেন বাদশা। প্রযোজনা করেছেন ‘দো দুনি পাঁচ’। এক সাক্ষাৎকারে জানান, আরও কয়েকবার অভিনয়ের সুযোগ পেয়েছেন। কিন্তু গায়ক পরিচয়েই খুশি।
গত ২৫ মার্চ ইউটিউবে মুক্তি পায় বাদশার ‘গেন্দা ফুল’ গান-ভিডিও। যেখানে নতুন আঙ্গিকে পেশ করা হয় রতন কাহারের ‘বড়লোকের বিটি লো’ গানটিকে। তখন প্রকৃত গীতিকার ও সুরকারকে উপেক্ষা করায় বিতর্কের ঝড় উঠে। পরে অবশ্য পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেন রতন কাহারকে। দেখা করবেন বলে কথাও দেন।
ব্যক্তিগত জীবনে বাদশা পুরোদস্তুর ফ্যামিলিম্যান। স্ত্রী জেসমিনের সঙ্গে তিনিও দেখভাল করেন একমাত্র শিশুকন্যার।











