বনশ্রীর পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি
নিজস্ব প্রতিবেদক : গত বছর চীনের হুবেই প্রদেশের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারি করোনাভাইরাস। ৮ মার্চ থেকে বাংলাদেশেও ভাইরাসটির প্রাদুর্ভাব লক্ষ করা যায়। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এদিকে করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সে জন্য সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে দেশের সব মানুষই এখন ঘরবন্দী।
এদিকে ঘরবন্দী সময়ে বিপাকে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষেরা। যারা দিন আনে দিন খায় তাদের আয়-রুজি বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর দিন যাপন করছেন তারা। সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা কার্যক্রম চলছে। এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার তারকারাও। অনন্ত জলিল, পপি, অপু বিশ্বাস, তানহা তাসনিয়া ইসলাম, মিষ্টি জান্নাত সাইমন সাদিক, বিপাশা কবির, জয় চৌধুরীসহ আরও অনেকে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসেন।
এই সংকটময় মুহূর্তের শুরু থেকেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অসহায় শিল্পীদের নানামুখী সহায়তা করে আসছে। বেশ কয়েক দিন ধরেই তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ দুপুরে বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ২০০ জন শিল্পীকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
এদিকে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বনশ্রী এখন মানবেতর জীবন যাপন করছেন। এই দুঃসময়ে শিল্পী সমিতি বনশ্রীর পাশেও দাঁড়িয়েছে। ৩১ মার্চ বনশ্রী শিল্পী সমিতিতে এসে ত্রাণ সামগ্রী গ্রহণ করেছেন।
এ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা বরাবরই দুস্থ শিল্পীদের পাশে ছিলাম আছি থাকব। গুণী অভিনেত্রী বনশ্রীর পাশেও আমরা শুরু থেকেই আছি। এবারও আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে বনশ্রীর সঙ্গে যোগাযোগ করি। আমাদের ফোন পেয়ে বনশ্রী আপা শিল্পী সমিতিতে এসে ত্রাণ গ্রহণ করেছেন। তিনি শিল্পী সমিতির এমন উদ্যোগের প্রশংসাও করেছেন।’
জায়েদ খান আরও বলেন, ‘আমরা শিল্পী সমিতির উদ্যোগে বেশ কিছুদিন ধরেই অসচ্ছল শিল্পীদের সহায়তা করে আসছি। এর আগে আমরা শিল্পী সমিতির তালিকাবদ্ধ শিল্পীদের মধ্যে যারা অসচ্ছল ছিলেন তাদের সহায়তা করেছি। এবার যারা অতিরিক্ত শিল্পী, যারা ছোট ছোট ভূমিকায় অভিনয় করেন তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি।
বিশেষ করে এক্সট্রা শিল্পী ও প্রোডাকশন বয়সহ কিছু লোক আছেন যারা এফডিসিতে অসহায়ের মতো বসে থাকেন তাদেরও সহায়তা করেছি। আমরা আজ যে ত্রাণ বিতরণ করেছি, তার সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এফডিসি তার নির্বাচনী এলাকায় হওয়ায় তিনি এই শিল্পীদের বিশেষ ভাবে সহায়তা করেছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে সব ধরনের সিনেমার শুটিং বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে নাটক ও অন্যান্য মাধ্যমের শুটিংও।দেশ রূপান্তর











