জ্যাকির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক : বলিউডে এই সময়ে তরতর করে এগিয়ে যাওয়া নায়িকাদের অন্যতম দিশা পাটানি। ফিটনেস থেকে ফ্যাশন বা অভিনয়- প্রতিটি ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য গতি তার।
‘এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’তে ক্যামিও রোল করে মূলত দিশার পরিচিতি। সাম্প্রতিক সময়ে সালমান খানের বিপরীতে দুটি ছবিতে অভিনয়ের সুযোগ তাকে অনেকটা এগিয়ে দিয়েছে।
ভাইজানের সঙ্গে গত বছর দেখা গেছে ‘ভারত’ ছবিতে। সামনে প্রধান নায়িকা হয়ে জোড় বাঁধছেন ‘রাধে: মোস্ট ওয়ান্টেড ভাই’-এ।
নতুন ছবিতে সালমান খান ছাড়াও আছেন রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ। ফলে দিশার ব্যক্তিগত জীবনও আলোচনায় চলে এসেছে।
জ্যাকির ছেলে টাইগার শ্রফের সাথে দিশার রোমান্টিক সম্পর্ক নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন রয়েছে এবং তারা ‘বাগি’ সিরিজের দুই ছবিতে একসঙ্গে কাজও করেছেন। এখন যখন জ্যাকির সঙ্গে কাজ করছেন, তখন লোকে নানা কথা তো বলবেই।
এই যেমন; দিশাকে সম্প্রতি বাবা-ছেলের ফারাক জিজ্ঞাসা করা হয়েছিল। নায়িকার উত্তরও কৌশলী। তিনি বলেন, এটা বাবার সঙ্গে আমার কত মিল তেমন কিছু জিজ্ঞাসা করার মতো। এরপর তিনি জ্যাকির প্রশংসা করেন। বলেন, কাজের ক্ষেত্রে তিনি খুবই ‘কুল’ ও তার কাজের চমৎকারিত্ব কারো সঙ্গে মেলে না।
অন্য কাজের ক্ষেত্রে দিশা পাটানিকে সামনে দেখা যাবে আদিত্য রায় কাপুরের সঙ্গে ‘এক ভিলেন টু’সহ আরও কিছু ছবিতে।











