হাফিজ-শোয়েবকে ‘হুইলচেয়ার ক্রিকেটার’ বললেন রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অভিজ্ঞ দুই ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ এখন হুইলচেয়ার ক্রিকেটার বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, তারা বর্তমানে পুনঃনবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ডাক পান শোয়েব-হাফিজ। কোচ মিসবাহ-উল হক এবং অধিনায়ক বাবর আজমের আস্থার প্রতিদানও দেন তারা। স্বাগতিকদের ২-০ ব্যবধানে সিরিজ জয়ে নেপথ্য কারিগরের ভূমিকা পালন করেন দুজন।
তবু রমিজের মন ভরছে না। তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাবর বাহিনী। নিঃসন্দেহে জয় দলের আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু এ সিরিজ জয় অনেক প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান কী সঠিক কক্ষপথে আছে? সন্নিকটে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পিচে কী শোয়েব-হাফিজ বৈশ্বিক শিরোপা জেতাতে পারবে? তাদের বয়স এখন ৪০ ছুঁই ছুঁই। তারা অতীতে সেরাটা ফেলে এসেছে। এখন দুজনই হুইলচেয়ার ক্রিকেটার।
তিনি বলেন, আমি শোয়েব-হাফিজকে হুইলচেয়ার ক্রিকেটার বলছি, এর যথেষ্ট কারণও আছে। তারা পুনঃনবায়ন প্রক্রিয়ায় রয়েছে। তাদের দলে নেয়ার একমাত্র কারণ পাকিস্তান এখন জিততে মরিয়া। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই পুরনো জিনিস কাজে লাগাচ্ছে। কিন্তু এটি টেকসই হবে না। ভালো কিছু করতে হলে তরুণদের ওপর নির্ভর করতে হবে। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। তথ্যসূত্র: ব্যাটিং উইথ বিমল।











