ম্যাচ জিততে দ.আফ্রিকার চাই ৪৬৬ রান
স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে ৪৬৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ইংল্যান্ড।
হাতে আছে দুই দিন। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে পারবে স্বাগতিকেরা? কিংবা হাতে থাকা দুই দিন কাটিয়ে দিয়ে ম্যাচটা অন্তত ড্র করা? দুটিই একরকম অসম্ভবই বলা চলে। চার ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে থাকা ইংল্যান্ড তাই এখন সিরিজ জয়ের অপেক্ষায়।
আগের দিনের ৬ উইকেটে ৮৮ রান নিয়ে রবিবার তৃতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত দলটির প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৮৩ রানে। নিজের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল ইংল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে।
ইংলিশরা দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ২৪৮ রান জমা করে। শেষ বিকেলে ইংল্যান্ড অলআউট হওয়ার পর আর খেলা হয়নি। সোমবার নতুন দিনে প্রোটিয়ারা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।
এদিন প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট পূরণ করেছেন মার্ক উড। আগের দিনই তিনি পেয়েছিলেন ৩ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নেন ক্রিস উকস ও বেন স্টোকস। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন কুইন্টন ডি কক। এ ছাড়া ডুয়াইন প্রিটোরিয়াস ৩৭ রান করেন।
এদিকে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল জো রুট। প্রথম ইনিংসে ৫৯ রান করা ইংলিশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসেও ৫৮ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ডোম সিবলি ৪৪, শ্যাম কারেন ৩৫ রান করেন। প্রোটিয়াদের পক্ষে ৫ উইকেট পেয়েছেন বিউরেন হেনড্রিক্স।











