ঢাকা ছাড়লো টাইগাররা
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বুধবার (২২ জানয়ারি) বিকেলে থেকেই ক্রিকেটাররা এয়ারপোর্টে প্রবেশ করতে শুরু করেন। এরপর রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার্ড ফ্লাইট) করে দেশ ছাড়ে মাহমুদইল্লাহবাহিনী।
ঢাকা থেকে সরাসরি পাকিস্তানের কোনো ফ্লাইট নেই। নিরাপত্তাজনিত কারণে আর ভ্রমণের ঝামেলা কমাতেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানে পৌঁছে ২৩ জানুয়ারি ঐচ্ছিক অনুশীলন করবে টাইগাররা। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।











