পাকিস্তানে যাচ্ছেন পাপন
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২২ জানুয়ারি রাতে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলকে সাহস যোগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও পাকিস্তানে যাবেন বলে জানা গেছে।
নিরাপত্তা শংকার কথা মাথায় রেখে শুরু থেকেই পাকিস্তানে যেতে আপত্তি ছিল বাংলাদেশের। তবে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কয়েক দফা আলোচনা এবং আইসিসির হস্তক্ষেপের পরে শেষ পর্যন্ত রাজি হয়ে বিসিবি। এর আগে বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের ইচ্ছামতোই সাজানো হয়েছে সিরিজের সূচি।
রোববার সফরকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলনের সময় মাঠে যান নাজমুল হাসান পাপন। এসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সেখানেই নিজের পাকিস্তান যাওয়ার ব্যাপারে কথা বলেন বিসিবি বস। ব্যক্তিগত কাজ থাকায় দল যাওয়ার একদিন পর পাকিস্তান যাবেন তিনি।
এ বিষয়ে পাপন বলেন, ‘আমাকে কাল রাতে বাইরে যেতে হচ্ছে, তবে ২২ তারিখে আবার আমি চলে আসবো। ওদের সঙ্গে যেতে পারছি না (পাকিস্তানে) কিন্তু আমি যাব- এটাই বলতে এসেছিলাম। ইনশা-আল্লাহ যাব আমি। সাপোর্ট স্টাফ কারা যাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ওটা নিয়েও বসবো আজ।’











