ফের শীর্ষে রিয়াল
স্পোর্টস ডেস্ক : রিয়ালের দলে ছিলেন না রামোস। তবু সান্তিয়াগো বার্নব্যুতে এসেছিলেন। দর্শকদের সামনে স্প্যানিশ সুপার কোপার শিরোপা উচিয়ে ধরতে চলে আসেন রিয়াল তারকা। সৌদি আরবে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। জিতেছে পরের লিগ ম্যাচেও। রামোস, ভালভার্দে, হ্যাজার্ড-বেলদের ছাড়াই সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে জিদানের দল। উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
রিয়ালের জন্য লিগের এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। সেভিয়া পয়েন্ট টেবিলে তিনে আছে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে গত মৌসুমে ছাঁটাই হওয়া হুলেন লোপেতেগি ফেরেন বার্নাব্যুতে। কিন্তু সেভিয়ার দায়িত্ব নিয়ে তার ফেরাটা ভালো হয়নি। কাসেমিরোর জোড়া গোলে হেরে ফিরতে হয় তার।
ম্যাচের ৫৭ মিনিটে কাসেমিরো প্রথম গোল করেন। কিন্তু ৬৪ মিনিটে সমতায় ফেরে সেভিয়া। এরপর ৬৯ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে জয় এনে দেন কাসেমিরো। সেভিয়া অবশ্য প্রথমার্ধে এক গোল করেছিল। কিন্তু ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয়ে যায় ওই গোল।
দারুণ এই জয়ে বার্সাকে হটিয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে জিদানের দল। বার্সা এক ম্যাচ কম খেলে পিছিয়ে আছে তিন পয়েন্ট। কিকে সেতিয়েন বার্সার দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে রোববার জিততে পারলে বার্সা আবার শীর্ষে উঠবে। কারণ এক গোলের ব্যবধানে এগিয়ে আছে বার্সা।











