চট্টগ্রামকে ১৫৯ রানে আটকে রাখল কুমিল্লা
স্পোর্টস ডেস্ক : উড়ন্ত শুরু এনে দিয়েছিলেন লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকি। তবে পরের ব্যাটসম্যানরা সেই ধারা বজায় রাখতে পারলেন না। ফলে দলীয় স্কোরবোর্ডে প্রত্যাশামাফিক রানও উঠল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৬০ রানের টার্গেট ছুড়ে দিতে সক্ষম হয়েছে তারা।
কুমিল্লার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকি। উদ্বোধনে শতরানের জুটি গড়েন তারা। তাদের বিচ্ছিন্ন করেন সৌম্য সরকার। ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন সিমন্স। ফিফটির পথে ছিলেন সিদ্দিকিও। তবে পরের বলেই রানআউটে কাটা পড়েন তিনি। ফেরার আগে ৩৭ বলে ৬ চারে ৪৫ রান করেন ইমরুল কায়েসের পরিবর্তে খেলতে নামা বাঁহাতি ওপেনার।
দুজনকে হারিয়ে হঠাৎ চাপে পড়ে চট্টগ্রাম। সৌম্যর বলে দ্রুত ফেরেন রায়ার্ন বার্ল। সেই রেশ না কাটতেই সানজামুল ইসলামের শিকার হন চ্যাডউইক ওয়ালটন। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন জিয়াউর রহমান। তবে সেই যাত্রায় অপর প্রান্তের হাল ধরতে পারেননি সোহান। ডেভিড উইজের বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরত আসেন তিনি।
সোহানের পর লিয়াম প্লাংকেটকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন জিয়াউর। তবে যথার্থ সঙ্গ দিতে পারেননি প্লাংকেট। আল-আমিন হোসেনের বলে বিদায় নেন তিনি। শেষদিকে সতীর্থরা যাওয়া-আসা করলেও একপ্রান্ত আগলে রাখেন জিয়াউর। বুক চিতিয়ে লড়েন তিনি। শেষ অবধি ২১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ ছয়ে ইনিংসটি সাজান এ হার্ডহিটার।
জিয়াউরের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে চট্টগ্রাম। তাদের নাগালে রাখার নেপথ্য কারিগর মূলত কুমিল্লার দুই বোলার সৌম্য। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নেন সৌম্য। ঝুলিতে কোনো উইকেট ভরতে না পারলেও নিয়ন্ত্রিত বোলিং করেন মুজিব-উর রহমান। ৪ ওভারে মাত্র ১৮ রান দেন তিনি।











